জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ‘ঋণ নয়, প্রয়োজন অনুদান’, অর্থায়নে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এসব দেশের আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে জলবায়ু অর্থায়নে পাঁচটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রস্তাবগুলো হলো— আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সাশ্রয়ী অর্থায়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ রয়েছে সম্মুখসারিতে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই বাস্তবতার মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।
বিদ্যুৎ খাতে সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও কাজ চলছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে বলে জানান তিনি। বলেন, পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসারেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। জলাধারণের সক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো এর লক্ষ্য। এ ছাড়া উপকূলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ে।
জলবায়ু অর্থায়নে পাঁচ প্রস্তাব
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নব্যবস্থাকে ‘অপর্যাপ্ত’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন তারেক রহমান। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।
ঋণ-ত্রাণের প্রস্তাবে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের বিষয়ও উল্লেখ করেন তিনি। প্রস্তাবিত অ্যাকশন মেকানিজমের ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
ভাষণের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বৈশ্বিক সংহতি জোরদারের মাধ্যমে সম্মিলিতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। বাসস।














