রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ

আসন্ন রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিতরণের জন্য ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়। সভায় উপস্থাপিত পাঁচটি প্রস্তাবের মধ্যে তিনটি ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বাকি দুটি প্রস্তাবের একটি বাণিজ্য মন্ত্রণালয়ের এবং অন্যটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ থেকে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে, রমজানে টিসিবির মাধ্যমে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী দরপত্র তৈরি ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি। এ উদ্যোগ নেওয়া হচ্ছে ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায়।













-96694c.jpg)
