বেশি দামে কিনেও গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় সংসদে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনতে হলেও সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গ্যাসের সংকট মোকাবিলায় দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানি, নতুন টার্মিনাল নির্মাণ ও বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, গ্যাসসংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়লেও সরবরাহ না পেয়েও গ্রাহকদের বিল দিতে হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালিতে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।’

এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।’

বায়োগ্যাসের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গড়ে উৎপাদন হচ্ছে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট।

মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর আওতায় দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানি, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানির উৎস বহুমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশীয় গ্যাসের নতুন মজুত অনুসন্ধানে বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ চলছে। বাপেক্স ব্লক ৭ ও ৯-এ ইতিমধ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের উপাত্ত সংগ্রহ করেছে। অন্যান্য সম্ভাবনাময় এলাকাতেও জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎপাদন বাড়াতে ২০৩০-৩১ সাল নাগাদ চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে, সাতটির কাজ চলছে। বাকি ১১১টির কাজ পর্যায়ক্রমে করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।

মন্ত্রী বলেন, সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ। এ ছাড়া স্থলভাগে অনুসন্ধানের জন্য অনশোর মডেল পিএসসি ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে।

এলএনজি আমদানির বিষয়ে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের মোট ১০টি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে সাতটি দীর্ঘমেয়াদি এবং তিনটি স্বল্পমেয়াদি। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানিমন্ত্রী জানান, এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে মহেশখালীতে ২০২৮ সালের মধ্যে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং মাতারবাড়ীতে ২০৩০ সালের মধ্যে ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এগুলো চালু হলে দৈনিক মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে এবং সংরক্ষণ সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হবে বলে আশা করছে সরকার। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে।

তিনি বলেন, এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে। এ ছাড়া ভোলার অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে মূল ভূখণ্ডের শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad