জলবায়ুর অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় কপ৩১-এ সাইডলাইন বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি : পিএমও
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় কপ৩১-এ সাইডলাইন বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি : পিএমও

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এ সংকট চলতে থাকলে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেয় উভয় পক্ষ। বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad