ওকাসিও-করতেজকে প্রেসিডেন্ট প্রার্থী চান নিউইয়র্কের ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টরা

কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-করতেজকে যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নগর শাখা। সংগঠনটির সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। তবে এই আহ্বান এখনো তার প্রতি আনুষ্ঠানিক নির্বাচনি সমর্থন বা মনোনয়ন নয়।
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওকাসিও-করতেজকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত করার সর্বশেষ উদ্যোগ এটি। এর আগে আটলান্টা, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের ইথাকা শহরের ডিএসএ শাখাও একই ধরনের প্রস্তাব গ্রহণ করেছে।
নিউইয়র্ক নগর শাখার সহসভাপতি গুস্তাভো গোরদিলো বলেন, সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের ভিত্তি তৈরি করতেই প্রস্তাবটি আনা হয়েছে। সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শ্রমজীবী মানুষের রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট আন্দোলনকে শক্তিশালী করতে কাজ করবে সংগঠনটি। একই সঙ্গে জাতীয় পর্যায়ে এ আন্দোলনের প্রভাব বাড়ানোর পরিবেশ তৈরির লক্ষ্যও রয়েছে।
প্রস্তাবটিতে ওকাসিও-করতেজের সম্ভাব্য নির্বাচনি প্রচারের কয়েকটি নীতিগত অগ্রাধিকারের কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বিলুপ্ত করা, সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা বা মেডিকেয়ার চালু এবং গ্রিন নিউ ডিল বাস্তবায়ন।
প্রস্তাবটি ২৯১-১২৩ ভোটে পাস হয়েছে। তবে সংগঠনের একাংশ এ প্রস্তাবের বিরোধিতাও করেছে। তাদের অভিযোগ, ওকাসিও-করতেজ ডিএসএর মূলনীতি ও রাজনৈতিক অগ্রাধিকার থেকে সরে এসেছেন। এ পর্যায়ে তার প্রেসিডেন্ট প্রার্থিতার পক্ষে আহ্বান জানালে সংগঠনের আলাদা আনুষ্ঠানিক সমর্থন প্রক্রিয়া নিয়েও বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আপত্তি তুলেছেন তারা।
ডিএসএর সঙ্গে ওকাসিও-করতেজের মতপার্থক্য অবশ্য নতুন নয়। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সংগঠনটির নির্ধারিত অবস্থান ও শর্ত পূরণ না করার অভিযোগে ২০২৪ সালে ডিএসএর জাতীয় নেতৃত্ব তার প্রতি দেওয়া সমর্থন প্রত্যাহার করে নেয়। পরে গত আগস্টে তিনি আবার সংগঠনটির সদস্যপদ নবায়ন করেন। এর আগে কিছু সময় তার সদস্যপদ কার্যকর ছিল না।
এদিকে ওকাসিও-করতেজের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের জবাব দেননি।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদের সাফল্যের পর এই উদ্যোগ এলো। গত বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী জোহরান মামদানি এই সংগঠনের প্রার্থী ছিলেন। গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ছয় সদস্য ও লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে নির্বাচিতরাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত। এসব সাফল্য সংগঠনটির জাতীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে নতুন গতি দিয়েছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি









-9b2a58-256x144.webp)





