ফ্লাইট বিপর্যয়ের নেপথ্যে পুরোনো যন্ত্রপাতি, সামনে বড় ঝুঁকি: মার্কিন পরিবহনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ব্যবহৃত পুরোনো যন্ত্রপাতি দ্রুত আধুনিকায়ন করা না হলে দেশ জুড়ে আবারও বড় ধরনের ফ্লাইট বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। গতকাল শুক্রবার যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশ জুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘটনার জন্য পুরোনো সরঞ্জামকে দায়ী করেছেন তিনি। একই সঙ্গে বিমান চলাচলব্যবস্থার সংস্কারে কংগ্রেসের কাছে আরও অর্থ বরাদ্দ চেয়েছেন।
সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশটির সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ নিষেধাজ্ঞা তুলে নেয় সংস্থাটি।
এরপর হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ডাফি জানান, পুরোনো টেলিযোগাযোগ রাউটার অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পারায় যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এফএএ।
সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে ডাফি বলেন, ‘মার্কিন জনগণ ও কংগ্রেস আমাদের ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ না দিলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আমি আর অপেক্ষা করতে চাই না।’ তিনি বলেন, ‘পুরোনো যন্ত্রপাতিই বিকল হয়েছিল।’ তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় নতুন যেসব সরঞ্জাম স্থাপন করা হয়েছে, সেগুলোতে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।
ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নের প্রাথমিক বিনিয়োগ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ১ হাজার ২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছেন। তবে পুরো ব্যবস্থার সংস্কারে এ অর্থ যথেষ্ট নয়। এ জন্য প্রেসিডেন্ট ৩ হাজার কোটি ডলার চেয়েছেন। আর তার নিজের হিসাবে প্রয়োজন ৫ হাজার কোটি ডলার। বাকি অর্থের জোগান দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
-263c2e.jpg)
বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ডাফি বলেন, ‘যে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ঠিকমতো কাজ করে, তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে?’ বছরের পর বছর ধরে যন্ত্রপাতির ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘এ ব্যবস্থা ঠিক করতে কংগ্রেস আর কত দিন অপেক্ষা করবে?’
ফ্লাইট চলাচল বন্ধের জন্য বেসরকারি বিমান সংস্থাগুলোকে দায়ী করেননি পরিবহনমন্ত্রী। বরং এফএএ ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার ত্রুটিকে এর জন্য দায়ী করেছেন তিনি। ডাফি বলেন, ‘এটি বিমান সংস্থাগুলোর দোষ নয়।’ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এফএএ বিমান সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। সংস্থার ব্যর্থতার দায় নিতেও প্রস্তুত বলে উল্লেখ করেন ডাফি।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিনও পুরোনো অবকাঠামোর সঙ্গে নতুন প্রযুক্তি যুক্ত করার জটিলতার কথা তুলে ধরেন। তার মতে, এফএএর পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিদ্যমান অবকাঠামো সামাল দিতে পারেনি। নতুন প্রযুক্তির চাপেই বড় ধরনের বিপর্যয় ঘটে থাকতে পারে।
-fd28b4.jpg)
এফএএর সংস্কারকাজে ব্যবহৃত সফটওয়্যার প্যাচগুলোর ব্যর্থতার কথাও উল্লেখ করেন মুলিন। তার মতে, পুরো ব্যবস্থাই নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন।
ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় আবার ঘটবে কি না, এমন প্রশ্নের জবাবে পরিবহনমন্ত্রী ডাফি বলেন, ঠিক একই ঘটনা পুনরায় ঘটবে কি না, তা তিনি জানেন না। তবে পুরোনো প্রযুক্তির কারণে সব ধরনের সম্ভাব্য বিপর্যয় আগেভাগে ঠেকানো সম্ভব নয়। নিউইয়র্কে জাতিসংঘের বিশ্বনেতাদের সফরের সময় এবং নিউয়ার্ক বিমানবন্দরেও একই ধরনের সমস্যা হয়েছিল বলে জানান তিনি। নিউয়ার্কে দুবার এমন ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন ডাফি।
এদিকে প্রায় চার ঘণ্টা পর ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এরই মধ্যে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিভিন্ন বিমান সংস্থা ধীরে ধীরে কার্যক্রম চালু করে। তবে এ বিপর্যয়ের প্রভাব সপ্তাহান্ত পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছে কয়েকটি সংস্থা।
ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, তাদের নির্ধারিত সব ফ্লাইট আবার চালু হয়েছে। ইউনাইটেড এয়ারলাইনসও কার্যক্রম শুরু করেছে। তবে শুক্রবার রাতের কিছু ফ্লাইটসহ শনিবারও বিঘ্ন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফ্রন্টিয়ার এয়ারলাইনস স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে। অন্যদিকে জেটব্লু শুক্রবারের বাকি ফ্লাইটগুলো বাতিল করেছে। শনিবারও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে তারা।

















