মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আলোচনায় রিপাবলিকান ভ্যান্স-রুবিও, ডেমোক্র্যাট অসফ-বুটিজেজ

ডেস্ক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) জে ডি ভ্যান্স, মার্কো রুবিও, জন অসফ ও পিট বুটিজেজ। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) জে ডি ভ্যান্স, মার্কো রুবিও, জন অসফ ও পিট বুটিজেজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের এখনো ঢের বাকি। ভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণার পর্বও শুরু হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হলে কে হতে পারে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে আলোচনা থেমে নেই। বরং মধ্যবর্তী নির্বাচনের পর এ আলোচনা নতুন করে গতি পেয়েছে।

রয়টার্স/ইপসসের সাম্প্রতিক এক জরিপের তথ্য বলছে, রিপাবলিকান শিবিরের নেতাদের মধ্যে ট্রাম্পের রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়েছেন ভোটারদের মধ্যে আলোচনায়। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনায় রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ ও সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ।

জরিপে অংশ নেওয়া রিপাবলিকান ভোটারদের ৪৫ শতাংশ রুবিওকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ‘চমৎকার’ বলে মূল্যায়ন করেছেন। ভ্যান্সের ক্ষেত্রে এ হার ৪৩ শতাংশ। অন্যদিকে ডেমোক্র্যাট ভোটারদের ২৯ শতাংশ করে অসফ ও বুটিজেজকে ‘চমৎকার’ প্রার্থী মনে করেন।

তবে চারজনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেননি। দল দুটির মনোনয়নপ্রক্রিয়া শুরু হতেও এক বছরের বেশি সময় বাকি। ফলে এই সময়ের মধ্যে নতুন প্রার্থী আলোচনায় আসতে পারেন, আবার ভোটারদের পছন্দও বদলে যেতে পারে।

রয়টার্স/ইপসোস জরিপটি যুক্তরাষ্ট্রের এক হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালিত হয়। এতে দুই দলের প্রায় ৫০০ জন করে নিবন্ধিত ভোটার অংশ নেন। সোমবার জরিপ শেষ হয়।

ট্রাম্পকে ঘিরে দুই দলের ভিন্ন সমীকরণ

২০২৮ সালের নির্বাচনি আলোচনা এখন থেকেই সামনে আসার পেছনে বড় ভূমিকা রাখছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি দুই দলের সম্ভাব্য প্রার্থীদের অবস্থান নির্ধারণেও তার প্রভাব রয়েছে।

নিজের ক্যারিয়ারের অন্যতম নিম্ন পর্যায়ের কাছাকাছি জনসমর্থন নিয়ে ট্রাম্প এখন রাজনৈতিক চাপে আছেন। গত ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ডেমোক্র্যাটদের আত্মবিশ্বাস বেড়েছে। তবে ট্রাম্পকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে দুই দলের ভেতরেই মতভেদ রয়েছে।

রিপাবলিকানদের মধ্যে প্রশ্ন— ২০২৮ সালের প্রার্থী কি ট্রাম্পের রাজনৈতিক পথ অনুসরণ করবেন, নাকি তার থেকে দূরত্ব তৈরি করবেন? ডেমোক্র্যাটদের মধ্যেও ট্রাম্পের বিরুদ্ধে কতটা কঠোর অবস্থান নেওয়া উচিত, তা নিয়ে বিভক্তি রয়েছে। বিশেষ করে তাকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হবে কি না, তা নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে।

ট্রাম্প নিজেও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে সমর্থন করবেন, তা নিয়ে ঘনিষ্ঠ সহযোগীদের কাছে জানতে চেয়েছেন। তবে রোববার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইপর্বে তিনি ‘অবশ্যই’ কাউকে সমর্থন করবেন, এমন নয়।

রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি অসন্তোষের একটি বড় কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। ওই যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিও ইরানের সঙ্গে এখন পর্যন্ত ফলহীন শান্তি আলোচনার অনেকগুলোতে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে ভ্যান্সও ট্রাম্পের কাছ থেকে কিছুটা দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল বলে তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন।

ফ্লোরিডার একজন আইনজীবী বারবারা রেজনার গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ভ্যান্সের চেয়ে রুবিওকে পছন্দ করেন। তার মতে, ভ্যান্স অতিরিক্ত ডানপন্থি এবং ট্রাম্পের খুব ঘনিষ্ঠ। রুবিও বরং নিজের দায়িত্ব পালন করে গেছেন এবং অতিরিক্ত বাম বা ডানপন্থি কিংবা বিতর্কিত অবস্থান না নিয়ে জনদৃষ্টির বাইরে থাকতে পেরেছেন।

ভ্যান্স ও রুবিওর বাইরে রিপাবলিকান শিবিরে আরও প্রায় এক ডজন নেতার নাম ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস উল্লেখযোগ্য। জরিপে ৩২ শতাংশ রিপাবলিকান ভোটার তাকে ‘চমৎকার’ প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছেন। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজেরও সমর্থক রয়েছেন, তবে তাদের বিরোধিতাও কম নয়।

ডেমোক্র্যাটদের আলোচনায় অসফ ও বুটিজেজ

ডেমোক্র্যাটদের মধ্যে জরিপে অসফ ও বুটিজেজ সমানভাবে এগিয়ে থাকলেও তাদের পরিচিতি ও রাজনৈতিক অভিজ্ঞতায় পার্থক্য রয়েছে। ৩৮ বছর বয়সী জর্জিয়ার সিনেটর অসফ সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘প্রেসিডেন্ট পদের অযোগ্য’ বলে সরাসরি আক্রমণ করে আলোচনায় এসেছেন। গত সপ্তাহে জর্জিয়ায় নিজের পুনর্নির্বাচনের লড়াইয়ে তিনি ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছেন। অথচ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে ট্রাম্প জিতেছিলেন ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে।

অন্যদিকে বুটিজেজ জাতীয় পর্যায়ে বেশি পরিচিত। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের প্রায় এক-পঞ্চমাংশ বুটিজেজের নামই শোনেননি। অসফের ক্ষেত্রে এ হার প্রায় এক-তৃতীয়াংশ।

রিপাবলিকানদের মধ্যে ভ্যান্সকে প্রায় সবাই চেনেন, তবে প্রায় প্রতি ছয়জনের একজন রুবিওকে চেনেন না বলে জানিয়েছেন।

প্রার্থীদের পরিচিতি নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনের শুরুতেই কোনো প্রার্থীর নাম বেশি মানুষের জানা থাকলে তাকে পরিচিত করাতে প্রচারের অর্থ কম খরচ করতে হয়। তবে অতীতে এর উলটো উদাহরণও রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মতো অপেক্ষাকৃত কম পরিচিত প্রার্থীরাও নির্বাচনি প্রচারের সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

অসফ ও বুটিজেজ— দুজনকেই ডেমোক্র্যাট দলের মধ্যপন্থি রাজনীতিক হিসেবে বিবেচনা করা হয়। দলটির ভোটারদের একাংশের কাছে এই অবস্থান গ্রহণযোগ্য। ইলিনয়ের দক্ষিণাঞ্চলের অবসরপ্রাপ্ত শূকর খামারি এড ব্লেয়ারও মধ্যপন্থি প্রার্থীদের পছন্দ করেন। অসফের তুলনায় বুটিজেজ সম্পর্কে বেশি জানেন বলে তিনি বুটিজেজকে এগিয়ে রেখেছেন।

ব্লেয়ারের মতে, ডেমোক্র্যাটদের প্রগতিশীল নীতির দিকে বড় ধরনের পরিবর্তনের বদলে ধাপে ধাপে এগোনো উচিত। উদাহরণ হিসেবে তিনি মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির কথা বলেছেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রবীণরা স্বাস্থ্যবিমার সুবিধা পান।

সব বয়সী মানুষের জন্য মেডিকেয়ার সম্প্রসারণের মতো বড় পরিবর্তনের বদলে প্রথমে সব শিশুকে এর আওতায় আনার মতো ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন ব্লেয়ার। তার ভাষায়, মানুষকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হলে ধীরে ধীরে এগোতে হবে।

জরিপে ডেমোক্র্যাট দলের অন্য পরিচিত মধ্যপন্থি নেতাদের অবস্থানও উঠে এসেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম— দুজনকেই ২৩ শতাংশ ডেমোক্র্যাট ভোটার ‘চমৎকার’ প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছেন। অন্যদিকে নিউইয়র্কের প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রগতিশীল রাজনীতিক আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে এভাবে মূল্যায়ন করেছেন ১৫ শতাংশ ভোটার।

মধ্যবর্তী নির্বাচনের পর ওকাসিও-কর্টেজ সিএনএনকে বলেছেন, ট্রাম্পকে অভিশংসনের বিষয়টি বিবেচনার বাইরে রাখা উচিত নয়। তবে বুটিজেজ নিউইয়র্কার সাময়িকীকে বলেছেন, অভিশংসনের বিষয়ে তিনি ‘খুব একটা আগ্রহী নন’। ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের রাজনৈতিক কৌশল নিয়ে দলের ভেতরের মতপার্থক্য এই দুই বক্তব্যে স্পষ্ট হয়েছে।

এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সময় নয়

জরিপের ফলাফলকে ২০২৮ সালের নির্বাচনের সম্ভাব্য চিত্র হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন ডেমোক্র্যাট কৌশলবিদ এলেইন কামার্ক। তার মতে, নির্বাচনের এখনো অনেক সময় বাকি। দুই দলেরই অনেক নেতা প্রার্থী হবেন কি না, তা এখনো ঠিক করেননি। কারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, সে বিষয়ে কিছুটা ধারণা করা গেলেও কে এগিয়ে থাকবেন, তা বলা সম্ভব নয়।

কামার্কের ভাষায়, ২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরের বিষয়। ফলে এই মুহূর্তের ভোটার-মনোভাবকে চূড়ান্ত রাজনৈতিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। সময়ের সঙ্গে নতুন প্রার্থী আসতে পারেন, পুরোনো প্রার্থীদের জনপ্রিয়তা বাড়তে বা কমতে পারে এবং রাজনৈতিক পরিস্থিতিও বদলে যেতে পারে।

রয়টার্স/ইপসোসের এই জরিপ তাই মূলত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রাথমিক জনমতের একটি চিত্র তুলে ধরেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad