উসকানি না এলে ইরানে হামলা স্থগিত, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৩: ১৯
হোয়াইট হাউজের জেমস এস ব্র্যাডি প্রেস ব্রিফিং কক্ষে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স
হোয়াইট হাউজের জেমস এস ব্র্যাডি প্রেস ব্রিফিং কক্ষে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

নতুন করে কোনো উসকানিমূলক ঘটনা না ঘটলে ইরানে সামরিক হামলা আপাতত বন্ধ রাখার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কিংবা দেশটির সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে তিনি আর হামলা না চালানোর সিদ্ধান্ত নিতে পারেন।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে নিজের এ অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। তবে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কখনো তিনি হামলা আরও জোরদার করার হুমকি দিচ্ছেন, আবার কখনো সংঘাত শেষ করার আগ্রহ প্রকাশ করছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মতে, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা যুদ্ধের পরিসমাপ্তি কীভাবে ঘটবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যেও যুদ্ধটি ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে।

জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক ও একাধিক গোয়েন্দা ব্রিফিং পাওয়ার পর হামলা স্থগিত রাখার বিষয়টি বিবেচনায় নিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলা ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধও ট্রাম্পের অবস্থানে প্রভাব ফেলেছে। দেশগুলো নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধে না জড়াতে তাকে পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার ক্রীড়াবিষয়ক সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারি। তবে যেসব দেশকে সুরক্ষা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ পথে এগোচ্ছি, আরও সংযতভাবে।’

যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও এ সংঘাতের প্রতি সমর্থন কমেছে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে।

এর আগে ৩ নভেম্বরের নির্বাচনের কিছুদিন আগে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, যুদ্ধের প্রয়োজনীয়তার তুলনায় এর ব্যয় বেশি। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পেছনে যুদ্ধটিকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

ট্রাম্পের ব্যক্তিগত পর্যায়ের মন্তব্যের সঙ্গে সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যেরও মিল রয়েছে। সেসব বক্তব্যে তিনি বড় পরিসরে যুদ্ধ আবার শুরু করার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পই সব সিদ্ধান্তের মূল স্থপতি এবং একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী। যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করবেন তিনি। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ভেঙে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পই শুধু জানেন, তিনি কী করবেন এবং কখন করবেন।’

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সিআইএ ও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় রয়টার্সকে কোনো জবাব দেয়নি।

সৌদি আরব ও তুরস্কের পরামর্শ

গত দুই সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। এ সময় ইরান পরিস্থিতি নিয়ে তাদের মতামত জানতে চান তিনি। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, দুই নেতাই ইরানে নতুন করে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্পকে। তবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।

আলোচনার বিষয়ে অবগত আরও দুই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা রয়েছে তার। জবাবে মোহাম্মদ বিন সালমান তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান। তার যুক্তি ছিল, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবরের পর থেকে এরদোয়ানের সঙ্গে তিনবার কথা বলেছেন ট্রাম্প। সর্বশেষ ৭ নভেম্বরের ফোনালাপ নিয়ে প্রকাশিত বিবৃতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। তাদের মতে, এসব পদক্ষেপ অব্যাহত থাকলে তেহরানের ওপর চাপ আরও বাড়বে।

গত কয়েক মাস ধরে ইরানের সমুদ্রপথের বাণিজ্য অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে দেশটিতে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য পণ্য প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে মার্কিন সামরিক বাহিনী। গত সপ্তাহে এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স।

সামরিক অভিযানের প্রস্তুতিও রয়েছে

ইরানে হামলা আপাতত স্থগিত রাখার কথা ভাবলেও প্রয়োজনে সামরিক অভিযান জোরদার করার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির সামরিক পরিকল্পনা সম্পর্কে অবগত তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। বর্তমানে ওই অঞ্চলে থাকা দুটি রণতরির একটির পরিবর্তে এটি দায়িত্ব নিতে পারে। তবে প্রয়োজন হলে তিনটি রণতরিই সেখানে মোতায়েন রাখা সম্ভব।

ট্রাম্পের সঙ্গে সৌদি ও তুরস্কের নেতাদের আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও বোমা হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর আগে এসব স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নতুন করে হামলা হলে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার মতে, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে দেখা গেছে, নতুন করে সামরিক হামলা চালালেও আলোচনায় ইরানের অবস্থান বা দাবিদাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা কম।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়েও ট্রাম্পকে অবহিত করা হয়েছে। গোয়েন্দা ব্রিফিং সম্পর্কে জানেন, এমন দুই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, কিছু অস্ত্রের মজুত উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে।

গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের প্রায় সবই ব্যবহার করে ফেলেছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, এসব অস্ত্রের মজুত এখনো পুনরায় পূরণ করা সম্ভব হয়নি।

তবে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে সর্বাধিনায়কের সব কৌশলগত লক্ষ্য পূরণের জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এর বাইরেও যথেষ্ট মজুত রয়েছে।’

ইসরায়েলের চাপ অব্যাহত

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিয়ে যাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা।

এ সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের যা অর্জন করার ছিল, তা ইতিমধ্যে অর্জিত হয়েছে। তবে ইরানে আবার হামলা শুরু করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে, আর হরমুজ প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad