যুক্তরাষ্ট্রে ১৯৯১ সালের পর প্রথমবার হামের সংক্রমণ ৫ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। ১৯৯১ সালের পর দেশটিতে এক বছরে হামে আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশ জুড়ে রোগটির সংক্রমণ অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হামের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্য। শুক্রবার হালনাগাদ করা রাজ্যটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেখানে ১ হাজার ৪৮৭ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন। এ সপ্তাহে হাম-সংশ্লিষ্ট ষষ্ঠ মৃত্যুর ঘটনাও জানিয়েছে রাজ্যটি।
এদিকে বৃহস্পতিবার উইসকনসিনের স্বাস্থ্যসেবা বিভাগ এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে নিউইয়র্কেও ৩০ বছরের বেশি সময়ের মধ্যে হাম-সংশ্লিষ্ট প্রথম মৃত্যুর ঘটনা জানা গেছে।
বৃহস্পতিবার পর্যন্ত হালনাগাদ করা সিডিসির তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় পেনসিলভানিয়ার পর রয়েছে সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ। অঙ্গরাজ্য দুটিতে যথাক্রমে ৬৭০ ও ৫৩৬ জনের হাম শনাক্ত হয়েছে।
তবে সিডিসি চলতি বছর এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট চারটি মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। এসব মৃত্যু কোন কোন অঙ্গরাজ্যে ঘটেছে, তা সংস্থাটি জানায়নি। ২০২৫ সালে তিনটি মৃত্যুর তথ্য জানিয়েছিল সিডিসি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে সিডিসি হামজনিত মৃত্যুর হিসাব রাখার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। আগে অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য ব্যবহার করা হলেও এখন ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করা হচ্ছে। এ কারণে মৃত্যুর হিসাবের মধ্যে এই পার্থক্য তৈরি হয়েছে।
সিডিসির তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে হামের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬২ জন। এ সংখ্যা মোট আক্রান্তের ১১ শতাংশ।
বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ২০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ২ হাজার ১৩২ জনের হাম শনাক্ত হয়েছে। ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১০৪ জন। আর পাঁচ বছরের কম বয়সী শিশুর মধ্যে আক্রান্তের সংখ্যা ৯০৮।
সিডিসি জানিয়েছে, চলতি বছর দেশটিতে নতুন করে হামের ৪৩টি প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের স্বীকৃতি বহাল থাকবে কি না, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) বিশেষজ্ঞ কমিশন। ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্র হাম নির্মূলের এই স্বীকৃতি পেয়ে আসছে। কমিশন আগামী সপ্তাহে দেশটি এখনো এ স্বীকৃতি পাওয়ার শর্ত পূরণ করছে কি না, তা পর্যালোচনা করবে।



-3dc012.jpg)











