রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, নজর আন্তর্জাতিক বিচার আদালতে

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে রায় দিতে যাচ্ছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রায় সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া ও তথ্য-প্রমাণ পর্যালোচনার পর আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ রায় ঘোষণা করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণহত্যার অভিযোগে কোনো রাষ্ট্রকে সরাসরি দায়ী করে এখন পর্যন্ত রায় দেননি আদালত। ফলে মামলাটির সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, রোহিঙ্গাদের ওপর দেশটির সামরিক বাহিনীর নিপীড়ন ও অভিযান ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের লঙ্ঘন। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে সাত বছর ধরে অভিযোগ, পালটা যুক্তি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেছে।
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান চালিয়েছিল কি না। আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণের জন্য কোনো জাতিগত, ধর্মীয়, বর্ণগত বা জাতীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে হয়। ফলে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের ঘটনা প্রমাণ করাই যথেষ্ট নয়, সেসব কর্মকাণ্ডের পেছনে জনগোষ্ঠীটিকে ধ্বংস করার অভিপ্রায় ছিল কি না, সেটিও আদালতকে নির্ধারণ করতে হবে।
সাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার বিবরণ
মামলার শুনানিতে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের ধরন, গ্রাম জ্বালিয়ে দেওয়া, বেসামরিক মানুষ হত্যা এবং নারী-পুরুষকে আলাদা করে নির্যাতনের অভিযোগ বিশেষ গুরুত্ব পেয়েছে।
রোহিঙ্গা নিপীড়নের শিকার শত শত মানুষের প্রতিনিধিত্বকারী সংস্থা লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি বলেছেন, বিভিন্ন গ্রামে হামলার ধরনে একই ধরনের প্রবণতা দেখা গেছে। সেনারা বেসামরিক মানুষকে আক্রমণ করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নারী-পুরুষকে আলাদা করেছে এবং যৌন সহিংসতা চালিয়েছে। পালিয়ে যাওয়ার সময়ও অনেককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মুলভির মতে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে। তার সংস্থার সংগ্রহ করা সাক্ষ্য অনুযায়ী, নারীদের যৌনাঙ্গ বিকৃত করা এবং মুখে কামড় দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটেছে। এসব নির্যাতনের উদ্দেশ্য ছিল ভুক্তভোগীদের চিহ্নিত করা, অপমানিত করা এবং তাদের সন্তান জন্মদানের সক্ষমতা নষ্ট করা— এমন অভিযোগও আদালতের বিবেচনায় রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে আইসিজে রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি সাক্ষ্য শোনার জন্য রুদ্ধদ্বার অধিবেশন আয়োজন করে। বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থী শিবির থেকে কয়েকজন ভুক্তভোগী সেখানে সাক্ষ্য দিতে যান। লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের তথ্য অনুযায়ী, একজন সাক্ষী আদালতকে জানান, তার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে ছুরিকাঘাত করা হয় এবং আগুনে ছুড়ে ফেলা হয়। আরেকজন গণকবরে মরদেহের স্তূপ দেখার অভিজ্ঞতা তুলে ধরেন।
গাম্বিয়ার বিচারমন্ত্রী দাওদা জালো শুনানিতে বলেন, মামলাটি আন্তর্জাতিক আইনের তাত্ত্বিক বিতর্ক নয়, এটি বাস্তব মানুষ ও একটি জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন। অন্যদিকে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ২০১৭ সালে তাদের সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তা অভিযান।
রায়ের প্রভাব ও বাংলাদেশের প্রেক্ষাপট
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই কয়েক দশক ধরে রোহিঙ্গারা নাগরিকত্বহীনতা, বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছিল। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা শরণার্থী শিবিরগুলো বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতিগুলোর মধ্যে অন্যতম।
প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের মতো মৌলিক সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।
স্থানীয় জনগোষ্ঠীর ওপরও জনসংখ্যার চাপ, জীবিকার প্রতিযোগিতা, পরিবেশের ক্ষয় ও আইনশৃঙ্খলাসংক্রান্ত উদ্বেগের প্রভাব পড়ছে। ফলে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রশ্নটি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।
আইসিজের রায় মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। ২০১৬-১৭ সালের অভিযানের সময় তিনি দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। উল্লেখ্য, আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে, আর আইসিসি ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে।
মামলাটির প্রভাব মিয়ানমারের বাইরেও বিস্তৃত হতে পারে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার দায়ের করা পৃথক গণহত্যা মামলার ক্ষেত্রেও আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ বিচারিক দিকনির্দেশনা দিতে পারে। বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য কীভাবে প্রমাণ করা হবে, সে বিষয়ে আদালতের অবস্থান পর্যবেক্ষণ করা হবে।
রায় বাস্তবায়নে আইসিজের নিজস্ব কোনো নির্বাহী বাহিনী নেই। তবে আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পদক্ষেপ নিতে পারে। এ ছাড়া মিয়ানমারের কাছে অস্ত্র ও জেট জ্বালানি সরবরাহ বন্ধের মতো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মামলার সমর্থকেরা।
গাম্বিয়ার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ ও জবাবদিহির দাবি আরও জোরালো হবে। আর বাংলাদেশের জন্য দীর্ঘদিন ধরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার প্রতিষ্ঠা এবং নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের সম্ভাবনার সঙ্গে এই রায়ের গুরুত্ব সরাসরি জড়িত।



-5003eb.jpg)













-fb9a62.jpg)

-9b2a58-256x144.webp)
