প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি

প্রথাগত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, সংকট সমাধানে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি রাখাইনের স্থানীয় নিয়ন্ত্রক শক্তি আরাকান আর্মির সঙ্গেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোর মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের যুক্ত করার চেষ্টা চলছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় রাজনৈতিক ঐকমত্য তৈরি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি সক্রিয় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে প্রত্যাবাসন নিশ্চিত করতে ‘হোল অব গভর্নমেন্ট’ অ্যাপ্রোচ গ্রহণ করা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু। এর সমাধানে জাতীয় ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে একটি জাতীয় কৌশল প্রণয়ন কমিটি কাজ করছে।

রোহিঙ্গাদের দীর্ঘদিনের অবস্থানের কারণে কক্সবাজারসহ স্থানীয় জনগোষ্ঠী গুরুতর অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তার ভাষ্য, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার, ক্যাম্পের ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্ব এবং বাংলাদেশি জেলেদের আটকের মতো ঘটনা সংকটকে জাতীয় নিরাপত্তার উদ্বেগে পরিণত করেছে। প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম এবং পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও নতুন শরণার্থী সংকটের মধ্যেও রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক ফোরামে সচল ও অগ্রাধিকার তালিকায় রাখতে মিডিয়াসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad