মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট মূল্যায়নে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের দ্রুত অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব সরাসরি মূল্যায়নে আট দিনের সফরে আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তাঁর এই বাংলাদেশ সফর অব্যাহত থাকবে।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রতিনিধির এই সফরে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিবর্তিত পরিস্থিতি, দেশটির ভেতরের তীব্র সশস্ত্র সংঘাত, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সাম্প্রতিক অবস্থা এবং ভবিষ্যতে এই সংকট নিরসনে সহযোগিতার সম্ভাবনা ও সুযোগগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমারে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার সাফ জানিয়ে দিয়েছে—তারা এই সফর আয়োজনে প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মিয়ানমারের সংঘাত ও নির্যাতনের শিকার ভুক্তভোগীদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবেন।

তার পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, রাজধানী ঢাকায় একাধিক প্রশাসনিক ও কৌশলগত বৈঠকের পাশাপাশি তিনি কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প সরজমিনে পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বাংলাদেশ সফরের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad