আলি খামেনির কণ্ঠস্বর ব্যঙ্গ, ইরানি কৌতুক অভিনেতার ৫ বছরের কারাদণ্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানি কৌতুক অভিনেতা সাঈদ শাকিবা। ছবি: সংগৃহীত
ইরানি কৌতুক অভিনেতা সাঈদ শাকিবা। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কণ্ঠস্বর নকল করে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের দায়ে দেশটির কৌতুক অভিনেতা সাঈদ শাকিবাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত সপ্তাহে শুনানি শেষে তেহরানের বিপ্লবী আদালতের ২৮ নম্বর শাখা এ রায় দেন। আদালতের বিচারক ছিলেন মোহাম্মদরেজা আমুজাদ। মানবাধিকারবিষয়ক ওয়েবসাইট এইচআরএএনএর বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে শাকিবাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বুধবার তাকে এ রায়ের কথা জানানো হয়। বর্তমানে তিনি গ্রেটার তেহরান কারাগারে বন্দি রয়েছেন।

এর আগে গত ২৫ অক্টোবর রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েল ও পাহলভি রাজবংশকে সমর্থনের অভিযোগসহ কয়েকটি অভিযোগে ওই কৌতুক অভিনেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ইরানের বিচার বিভাগ। তার বিরুদ্ধে মামলা করার কয়েক দিন পর এ অভিযোগপত্র দেওয়া হয়।

সে সময় বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান জানায়, ইনস্টাগ্রামে শাকিবার প্রকাশিত কিছু কনটেন্টকে কর্তৃপক্ষ আপত্তিকর ও অবমাননাকর বলে বর্ণনা করেছে। সেসব কনটেন্টের বিষয়ে তদন্তের পর তেহরানের সরকারি কৌঁসুলিরা তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad