যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
আলেক্সান্ডার দারিচেভ। ছবি: সংগৃহীত
আলেক্সান্ডার দারিচেভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে প্রাথমিক বিবৃতিতে মৃত্যুর কারণ জানানো হয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, অসুস্থতায় ভুগে বুধবার (১১ নভেম্বর) মস্কোতে মারা গেছেন দারিচেভ। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

দারিচেভকে একজন অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও দক্ষ সহকর্মী হিসেবে উল্লেখ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও বিবৃতিতে বলা হয়।

২০২৫ সালের মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর দারিচেভকে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ চলছিল। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়াতেও তার ভূমিকা ছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

দীর্ঘ কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকাবিষয়ক দায়িত্বেই বেশি সময় কাটিয়েছেন দারিচেভ। ১৯৯২ সালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক জীবন শুরু করেন তিনি। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত একই দূতাবাসে মিনিস্টার কাউন্সেলর ছিলেন। ২০১০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে ফিরে পরিচালক হিসেবে দায়িত্ব নেন।

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন দারিচেভ। এরপর আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাবিষয়ক বিভাগ পরিচালনার দায়িত্ব পান। পশ্চিমা দেশগুলোর নীতির সমালোচনায়ও তিনি ছিলেন সরব। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে তিনি ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন।

দারিচেভের মৃত্যুতে রাশিয়ার কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ও স্মরণসভার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আল-জাজিরা, এপি

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad