কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি, বদলে যাচ্ছে উপসাগরীয় নিরাপত্তা সমীকরণ

ডেস্ক, রাজনীতি ডটকম
কুয়েতে ঈগল রিজলভ মহড়ায় আরব সৈন্যদল। ছবি: সংগৃহীত
কুয়েতে ঈগল রিজলভ মহড়ায় আরব সৈন্যদল। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাব্যবস্থার দীর্ঘদিনের হিসাব-নিকাশ বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন সামরিক ঘাঁটির আতিথ্যদাতা হয়েও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিজেদের ভূখণ্ড, জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি সুরক্ষিত রাখতে পারেনি উপসাগরীয় দেশগুলো। যুদ্ধের অভিঘাতে বিমান চলাচল ও সমুদ্রপথের বাণিজ্য ব্যাহত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনও এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এর মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর পথে এগোচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। ছয় সদস্যদেশের এই জোট কুয়েতে অভিন্ন সামরিক কমান্ডের একটি উন্নত অগ্রবর্তী সদর দপ্তর প্রতিষ্ঠা এবং সেখানে উপযুক্ত সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় জিসিসির যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই জানান, নতুন সদর দপ্তরে সদস্যদেশগুলোর উপযুক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হবে। তবে এর সুনির্দিষ্ট অবস্থান, সেনাসংখ্যা, বাহিনীর ধরন কিংবা কার্যক্রম শুরুর সময় এখনো প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি নতুন সামরিক স্থাপনা তৈরির সিদ্ধান্ত নয়। বরং ইরান যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি করে নিজেদের হাতে নেওয়ার যে তাগিদ অনুভব করছে, তারই প্রতিফলন। তবে এর অর্থ এই নয় যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সামরিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। বরং বিদ্যমান মার্কিন নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি নিজেদের মধ্যে আরও কার্যকর প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে চাইছে।

কেন কুয়েতে অগ্রবর্তী সদর দপ্তর

নতুন সামরিক সদর দপ্তরের জন্য কুয়েতকে বেছে নেওয়ার পেছনে রয়েছে দেশটির ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তার হিসাব। পারস্য উপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত কুয়েতের একদিকে ইরাক, অন্যদিকে সৌদি আরব। উপসাগরের অপর পারে ইরান। ফলে ইরান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে দেশটির সরাসরি ভৌগোলিক সম্পর্ক রয়েছে।

সামরিক পরিভাষায় 'ফরোয়ার্ড হেডকোয়ার্টার্স' বা অগ্রবর্তী সদর দপ্তর বলতে মূল সামরিক কমান্ডের তুলনায় সম্ভাব্য সংঘাতের কাছাকাছি স্থাপিত একটি কমান্ড কেন্দ্রকে বোঝায়। এর উদ্দেশ্য হলো, হুমকির উৎসের কাছাকাছি থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ, সদস্যদেশগুলোর বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় এবং প্রয়োজন হলে দ্রুত সেনা মোতায়েনের ব্যবস্থা করা।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো মুহান্নাদ সেলুম বলেন, কুয়েতে অভিন্ন সামরিক কমান্ড প্রতিষ্ঠার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের উত্তর প্রান্তে একটি ঐক্যবদ্ধ সামরিক নেতৃত্বের স্থায়ী উপস্থিতি তৈরি হবে।

সেলুম বলেন, ইরানের হামলার বিষয়ে কুয়েত এত দিন সংযত ও মধ্যপন্থি অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু দেশটি ইরান ও ইরাক— দুই দিক থেকেই হামলার শিকার হয়েছে। বিশেষ করে ইরাকের ভেতরে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ড্রোনের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ফলে কুয়েতে একটি অভিন্ন সামরিক কমান্ড প্রতিষ্ঠা ইরান ও ইরাক— উভয়ের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

একই সঙ্গে এই সদর দপ্তর জিসিসির অন্য সদস্যদেশগুলোকে আশ্বস্ত করবে যে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় তারা সম্মিলিতভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন বাহিনীতে কোন দেশ কত সেনা দেবে, কী ধরনের সামরিক ইউনিট থাকবে এবং কোন দেশ কী দায়িত্ব পালন করবে, তা এখনো জানা যায়নি।

ইরান যুদ্ধ কেন বদলে দিল নিরাপত্তার হিসাব

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। এতে দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, সামরিক স্থাপনা ও বেসামরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি অনেকাংশে তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল। ফলে যুদ্ধের প্রভাব শুধু সামরিক নিরাপত্তায় সীমাবদ্ধ থাকেনি। বিমান চলাচল ও সমুদ্রপথের বাণিজ্য ব্যাহত হয়েছে। জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও বহাল রয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এই অভিজ্ঞতা দেশগুলোর সামনে একটি মৌলিক প্রশ্ন হাজির করেছে— যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও নিজেদের ভূখণ্ডে হামলা হলে তারা কতটা কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে?

সেলুমের মতে, কুয়েতে সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্তকে ইরানের সম্ভাব্য আসন্ন হামলার তাৎক্ষণিক আশঙ্কার প্রতিক্রিয়া হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি ইরানের বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিরোধক্ষমতা গড়ে তোলার দীর্ঘমেয়াদি জিসিসি কৌশলের অংশ।

মুহান্নাদ সেলুম বলেন, যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থায় এমন পরিবর্তন এনেছে, যা সহজে আগের অবস্থায় ফিরবে না। উপসাগরীয় দেশগুলোর নেতাদের বক্তব্যেও এখন নিজেদের প্রতিরোধক্ষমতা গড়ে তোলার আকাঙ্ক্ষা স্পষ্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যুদ্ধের অবসান নিয়ে এমন বক্তব্যের পরও উপসাগরীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করছে। কারণ তাদের বিবেচনায়, যুদ্ধ থেমে গেলেও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি শেষ হয়ে যায়নি।

সৌদি আরবে হুতিদের হামলাও বড় উদ্বেগ

উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের আরেকটি বড় উৎস ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানপন্থি এই গোষ্ঠীর সঙ্গে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সংঘর্ষ আবারও তীব্র হয়েছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি থাকলেও সাম্প্রতিক সময়ে সংঘাত নতুন করে বেড়েছে।

হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঝুঁকির মুখে ফেলেছে। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একটি হামলায় ১৪ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।

জিসিসির মহাসচিব আলবুদাইউই নতুন সদর দপ্তরের ঘোষণা দেওয়ার সময় সৌদি আরবে হুতিদের হামলারও নিন্দা জানিয়েছেন। বিশেষ করে দেশটির পবিত্র ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে তিনি মুসলমানদের কাছে এসব স্থানের মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

জিসিসির বক্তব্যে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হামলা পুরো জোটের নিরাপত্তার ওপর আঘাত। সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নেওয়া পদক্ষেপের প্রতি জোটের পূর্ণ সংহতি রয়েছে।

অর্থাৎ জিসিসির নতুন সামরিক কাঠামোর বিবেচনায় শুধু ইরানের সঙ্গে সরাসরি সংঘাত নয়, ইয়েমেনের যুদ্ধ এবং উপসাগরীয় দেশগুলোর ওপর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলাও রয়েছে।

জিসিসির অভিন্ন সামরিক কমান্ড কীভাবে কাজ করবে

জিসিসির অভিন্ন সামরিক কমান্ড নতুন কোনো প্রতিষ্ঠান নয়। ২০১৩ সালের ডিসেম্বরে কুয়েতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল ছয় সদস্যদেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, যৌথ সামরিক অভিযান পরিচালনা এবং সদস্যদেশগুলোর ভূখণ্ড, আকাশসীমা, জলসীমা ও জাতীয় স্বার্থের সুরক্ষায় সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করা।

এই কমান্ডের মূল সদর দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে। ২০২১ সালে সেখানে সদর দপ্তরটির কার্যক্রম শুরু হয়। অন্যদিকে, জিসিসির যৌথ সামরিক বাহিনী পেনিনসুলা শিল্ড ফোর্সের ইতিহাস আরও পুরোনো। কয়েক দশক ধরে সদস্যদেশগুলোর সম্মিলিত সামরিক সহযোগিতার একটি কাঠামো হিসেবে এটি কাজ করছে।

ফলে কুয়েতে নতুন সদর দপ্তর প্রতিষ্ঠার অর্থ রিয়াদের মূল কমান্ড সরিয়ে নেওয়া নয়। বরং রিয়াদকেন্দ্রিক বিদ্যমান কাঠামোর পাশাপাশি উপসাগরের উত্তর প্রান্তে একটি অগ্রবর্তী সামরিক কমান্ড তৈরি করা। এর মাধ্যমে সম্ভাব্য সংঘাতের কাছাকাছি অবস্থান থেকে সদস্যদেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার সুযোগ বাড়তে পারে।

গত ২৯ অক্টোবর মানামায় জিসিসিভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনীর প্রধানদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সামরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়টি আলোচনায় আসে। এরপর প্রতিরক্ষামন্ত্রীদের ২৩তম যৌথ প্রতিরক্ষা পরিষদের বৈঠকে নতুন সদর দপ্তরের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

গত এপ্রিলে জেদ্দায় জিসিসি নেতাদের একটি বিশেষ বৈঠকেও অভিন্ন সামরিক উদ্যোগ জোরদার এবং সদস্যদেশগুলোর যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্তকে সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

তবে নতুন কমান্ডের কার্যকর ভূমিকা নির্ভর করবে এর বাহিনীগত কাঠামো, সদস্যদেশগুলোর অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং যৌথ অভিযানের ক্ষেত্রে ক্ষমতা বণ্টনের ওপর। শুধু সদর দপ্তর প্রতিষ্ঠা করলেই একটি কার্যকর অভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হবে না। এর জন্য সদস্যদেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, গোয়েন্দা সমন্বয়, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সামরিক যোগাযোগের সক্ষমতাও বাড়াতে হবে।

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চাইছে জিসিসি?

নতুন সামরিক সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্তের পর গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে— উপসাগরীয় দেশগুলো কি যুক্তরাষ্ট্রের ওপর দীর্ঘদিনের নিরাপত্তানির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে?

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কয়েক দশকের। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, সেনা ও প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো রয়েছে। অঞ্চলটির নিরাপত্তাব্যবস্থায় ওয়াশিংটন দীর্ঘদিন ধরে প্রধান বাহ্যিক নিরাপত্তা অংশীদার হিসেবে ভূমিকা পালন করেছে।

ইরান যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্রের এই উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু একই সঙ্গে মার্কিন সামরিক স্থাপনার উপস্থিতি উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলার ঝুঁকির মধ্যেও ফেলেছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে জিসিসি।

আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের উপসাগর ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক অ্যালবার্ট ভিদাল বলেন, নতুন সদর দপ্তর প্রতিষ্ঠার ঘোষণায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে সরে যাওয়ার কোনো ইঙ্গিত নেই।

ভিদালের মতে, বরং জিসিসিভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে আরও ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ও সরাসরি তথ্য বিনিময় করলে যুক্তরাষ্ট্রের স্বার্থও তাতে রক্ষিত হবে। কারণ, সদস্যদেশগুলোর মধ্যে সমন্বয় বাড়লে তাদের সামগ্রিক সামরিক কার্যকারিতা শক্তিশালী হবে।

সেলুমও মনে করেন, এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে দেখার কারণ নেই। বরং যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা বুঝিয়েছে। তার ভাষায়, জিসিসি দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার বিষয়ে নিজেরাই উদ্যোগ নিতে চাইছে।

অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার বিকল্প তৈরি করার চেয়ে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলাই আপাতত জিসিসির লক্ষ্য।

মক্কা প্রতিরক্ষা চুক্তি ও নতুন আঞ্চলিক জোট

জিসিসির নতুন সদর দপ্তরের সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যের বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতার পরিবর্তনের অংশ হিসেবেও দেখা হচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন শুধু নিজেদের ছয় দেশের মধ্যে নয়, বরং বৃহত্তর আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে।

এর একটি উল্লেখযোগ্য উদাহরণ গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের পর চুক্তিটি সই হয়।

চুক্তির মূল নীতি হলো— তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সম্মিলিত প্রতিরোধক্ষমতা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে।

এই চুক্তি জিসিসির অভিন্ন সামরিক কমান্ডের বিকল্প নয়। কারণ, মক্কা চুক্তি তিনটি দেশের মধ্যে পৃথক প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে, অন্যদিকে জিসিসির কমান্ড ছয়টি উপসাগরীয় দেশের নিজস্ব সামরিক বাহিনীর সমন্বয়ের জন্য। তবে দুটি উদ্যোগই আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার বিস্তৃত প্রবণতার অংশ।

সেলুমের মতে, জিসিসির নতুন কমান্ড বিদ্যমান ও নতুন প্রতিরক্ষা জোটগুলোর পরিপূরক হিসেবে কাজ করতে পারে। এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবে।

মক্কা চুক্তির পাশাপাশি জিসিসির অভিন্ন কমান্ড প্রতিষ্ঠার সিদ্ধান্ত দেখাচ্ছে, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো নিরাপত্তার ক্ষেত্রে একাধিক স্তরের সহযোগিতা গড়ে তুলতে চাইছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সম্পর্ক, অন্যদিকে নিজেদের মধ্যে সামরিক সমন্বয় এবং তুরস্ক-পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারত্ব— সব মিলিয়ে একটি বিস্তৃত নিরাপত্তা কাঠামো তৈরির চেষ্টা চলছে।

সামনে কী পরিবর্তন আসতে পারে

কুয়েতে জিসিসির নতুন সামরিক সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলের সামরিক সমন্বয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুযোগ তৈরি হবে।

প্রথমত, সম্ভাব্য সংঘাতের কাছাকাছি একটি স্থায়ী কমান্ড থাকায় সদস্যদেশগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হতে পারে।

দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মতো অভিন্ন হুমকি মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা পরিকল্পনা আরও সমন্বিত করা সম্ভব হবে।

তৃতীয়ত, যৌথ বাহিনী মোতায়েনের মাধ্যমে সদস্যদেশগুলোর সম্মিলিত সামরিক উপস্থিতি দৃশ্যমান হবে।

তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়। কারণ, জিসিসির সদস্যদেশগুলোর সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা অগ্রাধিকার এবং আঞ্চলিক কূটনৈতিক অবস্থানে পার্থক্য রয়েছে। ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও দেশগুলোর দৃষ্টিভঙ্গি সব সময় এক নয়। ফলে অভিন্ন কমান্ডের অধীনে কতটা দ্রুত ও ঐক্যবদ্ধভাবে সামরিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, সেটিই বড় পরীক্ষা।

নতুন সদর দপ্তরের বিস্তারিত কাঠামো, সেনা মোতায়েনের পরিমাণ এবং কার্যক্রম শুরুর সময় ঘোষণার পর এর প্রকৃত সক্ষমতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সব মিলিয়ে ইরান যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে তাদের নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতা নতুন করে উপলব্ধি করতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও আঞ্চলিক হুমকি মোকাবিলায় নিজেদের মধ্যে সমন্বিত প্রতিরক্ষা কাঠামোর প্রয়োজনীয়তা তারা অনুভব করছে। কুয়েতে অভিন্ন সামরিক কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর প্রতিষ্ঠা সেই উপলব্ধিকে বাস্তব কাঠামো দেওয়ার উদ্যোগ। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নয়, বরং ওয়াশিংটনের সহযোগিতার পাশাপাশি নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি করে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা।

আল-জাজিরা অবলম্বনে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad