বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের বার্তা, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের বার্তা, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকির বার্তা পাওয়া গেছে। উড়োজাহাজটির শৌচাগারের আয়নায় লেখা ওই বার্তা ঘিরে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার উড্ডয়নের প্রস্তুতির সময় বিষয়টি নজরে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, তখন শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত লেখাটি দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি জানার পর পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে অবহিত করেন। এরপর কোনো ঝুঁকি না নিয়ে উড়োজাহাজটিকে দ্রুত বিমানবন্দরের ‘আইসোলেশন বে’তে সরিয়ে নেওয়া হয়।

উড়োজাহাজটি আইসোলেশন বেতে নেওয়ার পর সেখানে ব্যাপক তল্লাশি শুরু করেন নিরাপত্তাকর্মীরা। এ কাজে অংশ নেন নিরাপত্তা বাহিনী সিআইএসএফের সদস্য এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। তারা উড়োজাহাজের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখেন। তবে দীর্ঘ তল্লাশির পরও উড়োজাহাজের ভেতরে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এদিকে, আয়নায় হুমকির বার্তাটি কে বা কারা লিখেছে এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুমকির উৎস খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দর চত্বর এবং উড়োজাহাজের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করছেন। এসব ফুটেজ থেকে বার্তা লেখার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad