বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কর্তৃক আগের শুল্ক বাতিলের রায় আসার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আরও কঠোর পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সব দেশের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্ত জানান এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেন।
গত বছর ট্রাম্পের আরোপিত শুল্ককে 'ক্ষমতার অপব্যবহার' আখ্যা দিয়ে আদালত তা বাতিল করলেও, দমে না গিয়ে নতুন করে এই বর্ধিত শুল্ক আরোপ করলেন তিনি।
ট্রাম্পের দাবি, দীর্ঘকাল ধরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে বাণিজ্যিকভাবে ঠকিয়ে আসছে এবং এই পদক্ষেপের মাধ্যমে তার অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আগামী ১৫০ দিন এই ১৫ শতাংশ শুল্ক কার্যকর থাকবে, তবে ট্রাম্পের প্রশাসন একে স্থায়ী রূপ দেওয়ার জন্য কাজ শুরু করেছে।

















