হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এতে প্রস্তাবটির ওপর সরাসরি ভোটের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।

ইরান যুদ্ধ পরিচালনা, বেসামরিক নাগরিকদের হতাহত, সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানসহ আটটি অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছিলেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।

হেগসেথের অভিশংসন প্রস্তাবটির পক্ষে ভোট দেন ২০৩ জন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে একমাত্র প্রস্তাব উত্থাপনকারী ম্যাসি। বিপরীতে ২১০ জন রিপাবলিকান এবং স্বতন্ত্র সদস্য কেভিন কাইলি প্রস্তাবটি কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দেন। ভোটে ১৮ জন সদস্য অংশ নেননি, তাদের মধ্যে ১১ জন ডেমোক্র্যাট। ফলে দলীয় বিভাজন প্রায় স্পষ্ট রেখেই প্রস্তাবটি আটকে দেওয়া সম্ভব হয়।

ম্যাসি অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হেগসেথ কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। এতে যুক্তরাষ্ট্রের সংবিধান ও যুদ্ধসংক্রান্ত আইন লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া, সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে প্রাণঘাতী হামলা, ইয়েমেনে সামরিক অভিযান, ভেনেজুয়েলায় মাদুরোকে আটক এবং ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগও ছিল তার প্রস্তাবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাসির আট অভিযোগের মূল কেন্দ্রে ছিল ইরান যুদ্ধ। তার যুক্তি, কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া এই যুদ্ধ ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের নির্ধারিত সীমা অতিক্রম করেছে। আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন না থাকলে ৬০ দিনের মধ্যে সামরিক বাহিনীকে যুদ্ধাবস্থা থেকে প্রত্যাহারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আট মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধে সেই বিধান মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

হেগসেথের আত্মপক্ষসমর্থন

ভোটের কয়েক ঘণ্টা আগে পেন্টাগনে সংবাদ সম্মেলন করে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন হেগসেথ। তিনি অভিশংসনের উদ্যোগকে 'প্রহসন' ও 'রাজনৈতিক প্রদর্শনী' বলে আখ্যা দেন। তার দাবি, অভিযোগগুলো অভিশংসনযোগ্য অপরাধ নয়, বরং সামরিক নীতি নিয়ে রাজনৈতিক মতপার্থক্য।

ইরান, ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযানকে বৈধ দাবি করে হেগসেথ বলেন, এসব অভিযান প্রেসিডেন্টের নির্দেশে পরিচালিত হয়েছে এবং তিনি প্রতিটি অভিযানের পক্ষে রয়েছেন। প্রয়োজনে আবারও একই সিদ্ধান্ত নেবেন বলেও জানান।

সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে হামলার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন বলেন, এসব অভিযান যুক্তরাষ্ট্রের জনগণকে মাদকের হাত থেকে রক্ষার অংশ। অন্যদিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায় না বলে দাবি করেন তিনি। তবে ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুদের নিহত হওয়ার ঘটনা এবং মার্ক কেলির বিরুদ্ধে তদন্তের বিষয়ে নির্দিষ্ট অভিযোগগুলোর বিস্তারিত জবাব দেননি।

হেগসেথের পক্ষে অবস্থান নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হেগসেথের আত্মপক্ষসমর্থনকে 'এ প্লাস প্লাস প্লাস' নম্বর দেন। ভ্যান্স বলেন, হেগসেথের বিরুদ্ধে অভিশংসনযোগ্য অপরাধের অভিযোগ ভিত্তিহীন। তার ভাষায়, বিষয়টি ইরান যুদ্ধ নয়, বরং পেন্টাগনের আমলাতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে হেগসেথের অবস্থানের সঙ্গে সম্পর্কিত।

নতুন কংগ্রেসে আবারও অভিশংসনের উদ্যোগ?

ভোটের পর ম্যাসি বলেন, ফলাফলে তিনি বিস্মিত নন, তবে হতাশ। চলতি কংগ্রেস অধিবেশনে আরেকটি অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা তার নেই। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই তার মেয়াদ শেষ হবে।

তবে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বিষয়টি আবার সামনে আনার ইঙ্গিত পাওয়া গেছে। জানুয়ারিতে স্পিকার হওয়ার কথা রয়েছে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের। তিনি বলেন, হেগসেথের বিরুদ্ধে নতুন উদ্যোগের বিষয়ে যথাসময়ে আলোচনা করবেন। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমারও তার অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট— উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। জানুয়ারিতে নতুন কংগ্রেসের দায়িত্ব গ্রহণের পর তারা অভিশংসনের উদ্যোগ নিলে পরিস্থিতি বদলাতে পারে। সে ক্ষেত্রে সামরিক বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা, যাদের হেগসেথ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন, তাদের কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করার বিষয়টিও বিবেচনায় আসতে পারে বলে রয়টার্স জানিয়েছে।

অভিশংসন প্রক্রিয়ায় কী বাকি?

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় অভিশংসন প্রস্তাবের অন্তত একটি অভিযোগ অনুমোদিত হলে বিষয়টি সিনেটে বিচারের জন্য যায়। সেখানে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

মঙ্গলবারের ভোটে অভিযোগগুলোর সত্যতা নিয়ে কোনো বিচার হয়নি। বরং প্রস্তাবটি কমিটিতে পাঠানোর মাধ্যমে বর্তমান কংগ্রেসে ম্যাসির উদ্যোগ কার্যত শেষ হয়েছে। ফলে হেগসেথ আপাতত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad