রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি যুক্তরাজ্যের, মিয়ানমারের ৫ জেনারেলসহ সামরিক নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ২১
ছবি: এআই
ছবি: এআই

রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা, দেশটিতে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ এবং রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা ঘোষণা করেছে লন্ডন। একই সঙ্গে গণহত্যার অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় অর্থায়ন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়। একই দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউজ অব কমন্সেও সরকারের নতুন পদক্ষেপগুলো তুলে ধরেন।

যুক্তরাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছে, আইসিজের রায়ের পর রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দেশটির দীর্ঘদিনের নীতি ছিল, কোনো ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত জাতীয় বা আন্তর্জাতিক আদালতের বিচারিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা। আইসিজের রায়ের মধ্য দিয়ে সেই শর্ত পূরণ হয়েছে বলে জানিয়েছেন মিলিব্যান্ড।

এ নিয়ে বিশ্বে গণহত্যার ছয়টি ঘটনাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে হলোকাস্ট, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, রুয়ান্ডা, স্রেব্রেনিৎসা এবং কম্বোডিয়া ও ইয়াজিদি জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যা।

৫ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা, বন্ধ হবে জ্বালানি সরবরাহ

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতির পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তাদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং চারজন মেজর জেনারেল। নিষেধাজ্ঞার আওতায় তাদের সম্পদ জব্দ, যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা এবং কোনো প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন—

মিও হুত হ্লাইং: ব্রিগেডিয়ার জেনারেল ও উত্তর-পশ্চিম আঞ্চলিক কমান্ডের উপপ্রধান। চিন রাজ্যে আটক বন্দিদের সঙ্গে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণের জন্য তাকে দায়ী করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

মেজর জেনারেল মিও মিন তুন: শান ও কায়াহ রাজ্যের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার। বেসামরিক জনগণের ওপর দমন-পীড়ন এবং মিয়ানমারের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন করার কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মেজর জেনারেল মিয়াত থেত ও: কাচিন রাজ্যের সাবেক উত্তরাঞ্চলীয় কমান্ডার। ২০২৩ সালে লাওসে মিয়ানমারের রাষ্ট্রদূত হয়েছিলেন। সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের সময় বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে ভূমিকা রাখার অভিযোগে তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মেজর জেনারেল কিয়াও সো: ২০২৬ সালের জুনে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসাকেন্দ্রে বিমান হামলার মাধ্যমে বেসামরিক জনগণের ওপর গুরুতর দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মেজর জেনারেল কিয়াও সোয়ার ও: পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান। তার দায়িত্বকালে ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান হামলায় এক শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন। এ ঘটনায় তাকে দায়ী করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে আগামী কয়েক মাসের মধ্যে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। দেশটির সামরিক বাহিনী নিয়মিত স্কুল, হাসপাতাল, বাজার ও উপাসনালয়ে বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মিলিব্যান্ড। এসব হামলায় যুক্তরাজ্যের কোনো কোম্পানির সম্পৃক্ততা থাকুক, তা তারা চায় না বলে জানিয়েছেন তিনি।

মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ দেশটির বড় কোম্পানিগুলোর কার্যক্রমও খতিয়ে দেখবে যুক্তরাজ্য। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঠেকাতে বা ব্যাহত করতে প্রয়োজন হলে আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার মিয়ানমারকে গণহত্যায় দোষী সাব্যস্ত করে আইসিজের রায় ঘোষণার পরপরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। দেশটির সামরিক বাহিনীর কোনো কর্মরত প্রতিনিধিকে যুক্তরাজ্যের মাটিতে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে লন্ডন। মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকেও তলব করা হয়।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারের বিরুদ্ধে ১৯ দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এতে ৪২ ব্যক্তি ও ৩৯টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

রোহিঙ্গাদের জন্য ৮০ লাখ পাউন্ড সহায়তা

নতুন ঘোষণায় রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। এ অর্থে প্রায় সাড়ে তিন লাখ মানুষের জীবনরক্ষাকারী ও জরুরি সেবা নিশ্চিত করা হবে।

নারী ও শিশুদের সুরক্ষা, মাতৃস্বাস্থ্যসেবা, খাদ্য ও নিরাপদ পানির সরবরাহ এবং তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসায় এ অর্থ ব্যয় হবে। মিয়ানমারে বর্তমানে বছরে সাড়ে পাঁচ কোটি পাউন্ডের বেশি মানবিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাজ্য। নতুন অর্থ সেই সহায়তার অতিরিক্ত।

এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের বিচার পাওয়ার সুযোগ বাড়াতে আরও ৩০ লাখ পাউন্ড বরাদ্দ করেছে দেশটি। এর আওতায় অপরাধের প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করা এবং ভুক্তভোগীদের বিচারপ্রক্রিয়ায় সহায়তা করা হবে।

এর বাইরে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্তব্যবস্থার (আইআইএমএম) জন্য যুক্তরাজ্যের অর্থায়ন দ্বিগুণ করা হবে। আইসিজের রায়ে গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহে এ সংস্থার ভূমিকার কথা উল্লেখ করেছে লন্ডন। পাশাপাশি ভুক্তভোগীদের বক্তব্য ও অভিজ্ঞতা বিচারপ্রক্রিয়ায় তুলে ধরতে লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড নামের সংস্থাকে সহায়তা দেওয়া হবে।

মিলিব্যান্ডের ভাষ্য, আইসিজের রায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারণ করেছে। কিন্তু গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত অপরাধের বিচারও নিশ্চিত করতে হবে। পদমর্যাদা বা সময়ের ব্যবধান যেন কাউকে দায়মুক্তি না দেয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ।

জাতিসংঘে জরুরি বৈঠক, ১৪ দেশের যৌথ আহ্বান

আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়াতেও কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য। মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্বপ্রাপ্ত দেশ হিসেবে চলতি সপ্তাহেই পরিষদের সদস্যদের নিয়ে জরুরি অধিবেশন ডাকার উদ্যোগ নিয়েছে তারা। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের একটি বিশেষ বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে লন্ডন।

আসিয়ান, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আইসিজের মামলায় সমর্থন দেওয়া অন্যান্য দেশের সঙ্গেও কাজ করবে যুক্তরাজ্য। আসিয়ানের পাঁচ দফা ঐকমত্যের মাধ্যমে মিয়ানমারে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি। ওআইসির ৫৭ সদস্যও আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বলে উল্লেখ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

এরই মধ্যে সোমবার যুক্তরাজ্যসহ ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে আইসিজের রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্য দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

বিবৃতিতে বলা হয়, গাম্বিয়ার করা মামলায় আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনিভাবে বাধ্যতামূলক। দেশটিকে আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের দায়িত্ব ও আদালতের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে বছরের পর বছর সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের পর এ রায় ন্যায়বিচার ও জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিয়েছে দেশগুলো।

যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের সঙ্গেও কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছে। দেশটির হিসাবে, বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে।

আইসিজের রায় কেন ঐতিহাসিক

গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার করা মামলায় চূড়ান্ত রায় দেন আইসিজে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন বিচারকরা। ১৯৪৮ সালের গণহত্যা সনদ কার্যকর হওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করলেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত।

রায়ে আদালত বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী এবং ২০১৭ সালের অভিযানে তাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এসব কর্মকাণ্ডের পেছনে উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল।

মিয়ানমার গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে, অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালন করেনি এবং গণহত্যা সনদের বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নেও ব্যর্থ হয়েছে বলে সিদ্ধান্ত দেন আদালত। সন্দেহভাজন অপরাধীদের তদন্ত, প্রমাণ পাওয়া গেলে বিচার ও শাস্তি, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নিশ্চয়তা এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য পুনরুদ্ধারমূলক ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রয়েছে রায়ে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি নির্ধারণের জন্য দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

তবে আদালত একই সঙ্গে বলেছেন, বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। রায়ে ২০২০ সালে দেওয়া অন্তর্বর্তী আদেশের পরও রোহিঙ্গা গ্রাম ধ্বংস এবং প্রমাণ সংরক্ষণের নির্দেশ লঙ্ঘনের বিষয়টিও উঠে এসেছে।

২০১৯ সালের নভেম্বরে ওআইসির সমর্থনে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। এর আগে ২০১৭ সালের সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে জাতিসংঘের তদন্ত ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ করাও জরুরি। এ জন্য অবিলম্বে সংঘাতবিরতি, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘমেয়াদি শান্তির জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad