নেতানিয়াহুর দলের সঙ্গে সমঝোতা হয়নি, ইউটিজের সঙ্গে অগ্রগতি আইজেনকটের

ডেস্ক, রাজনীতি ডটকম
গাদি আইজেনকট (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে)। ছবি: সংগৃহীত
গাদি আইজেনকট (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে)। ছবি: সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি বিরোধী নেতা গাদি আইজেনকট। তবে অতি-ধর্মীয় ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সঙ্গে সরকার গঠনের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হার্জলিয়ার একটি হোটেলে লিকুদ ও আইজেনকটের দল ইয়াশারের প্রতিনিধিদের মধ্যে চার ঘণ্টা বৈঠক হয়। পরে যৌথ বিবৃতিতে দুই দল জানায়, বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী সময়ে আবারও বসবে তারা।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে আরও এক দফা বৈঠকে বসেছে দল দুটি। সোমবার দিবাগত রাত ১২টার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক শেষ হয়নি।

আইজেনকট ও নেতানিয়াহুর দলের আলোচনায় বিচার বিভাগ সংস্কার, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের বিষয় উঠে আসে। তবে কোনো বিষয়ে সমঝোতা হয়নি।

সম্ভাব্য ঐক্য সরকারে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে পালাক্রমে প্রধানমন্ত্রিত্বের ব্যবস্থা থাকবে কি না, তা নিয়েও আলোচনা হয়নি বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো।

সম্ভাব্য সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উগ্র ডানপন্থি দল ওতজমা ইহুদিতকে অন্তর্ভুক্ত করা নিয়েও দুই দলের মতপার্থক্য রয়েছে। ইয়াশার দলটি ওই দলকে নিয়ে সরকার গঠনের বিরোধী। অন্যদিকে, লিকুদ এ দলকে বাদ দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি।

এদিকে ইউটিজের সঙ্গে আলোচনায় অগ্রগতির খবর দিয়েছে চ্যানেল ১২। দলটির অ-হাসিদিক অংশ দেগেল হা তোরাহর সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামরিক বাহিনীতে অতি-ধর্মীয় ইহুদিদের নিয়োগের প্রশ্নে গত ২৪ ঘণ্টায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। তবে এখনো দুপক্ষের মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব বিনিময়ের পর্যায়ে আলোচনা পৌঁছায়নি।

ইউটিজে চাইছে, নতুন সরকার শপথ নেওয়ার আগেই অতি-ধর্মীয়দের সামরিক বাহিনীতে নিয়োগসংক্রান্ত একটি আস্থাবর্ধক আইন নেসেটে পাস হোক। আইজেনকট এ সপ্তাহে নিয়োগসংক্রান্ত একটি সংশোধিত প্রস্তাব দিতে পারেন। এর আগে তার দেওয়া প্রস্তাবে প্রতিটি নিয়োগপর্বে ইয়েশিভার মাত্র ৩ শতাংশ শিক্ষার্থীকে সামরিক বাহিনীতে যোগ দেওয়া থেকে অব্যাহতির সুযোগ রাখা হয়েছিল। ইউটিজের ধর্মীয় নেতারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

তবে অতি-ধর্মীয়দের সামরিক নিয়োগ থেকে অব্যাহতি বন্ধের প্রতিশ্রুতি দিয়েই ২৭ অক্টোবরের নির্বাচনে অংশ নিয়েছিল আইজেনকটের জোটের চারটি দল। ফলে ইউটিজের সঙ্গে সমঝোতা হলে জোটের ভেতরেই রাজনৈতিক চাপ তৈরি হতে পারে।

এ অবস্থায় ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। গোলান বলেছেন, এটিই সরকার গঠনের ‘একমাত্র বাস্তবসম্মত পথ’। তবে নাফতালি বেনেট ও আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থন বা বিরত থাকার ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধী। লিবারম্যান অবশ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে কিছু ‘কঠিন সমঝোতা’র পক্ষে মত দিয়েছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তার চারদলীয় জোট নেসেটের ১২০ আসনের মধ্যে ৪৮টি পেয়েছে। আরব দল দুটি পেয়েছে ১৯টি আসন। আইজেনকটের হাতে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় চাইতে পারবেন।

অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, যার মধ্যে অতি-ধর্মীয় দল শাস ও ইউটিজের আসন ১৩টি। ফলে সরকার গঠনের চূড়ান্ত সমীকরণ এখনো অনিশ্চিত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad