মিয়ানমারকে আইসিজের রায় মানতে আহ্বান ১৪ দেশের

ডেস্ক, রাজনীতি ডটকম
রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। ছবি: বাংলাদেশে রোহিঙ্গা ঢল ও আন্তর্জাতিক বিচার আদালতের লোগোর কোলাজ
রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। ছবি: বাংলাদেশে রোহিঙ্গা ঢল ও আন্তর্জাতিক বিচার আদালতের লোগোর কোলাজ

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে দেশগুলো।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে সই করা দেশগুলো হলো— যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

দেশগুলো বলেছে, এ রায় রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনি দিক থেকে বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আদালতের নির্দেশনাও পুরোপুরি বাস্তবায়ন করতে হবে দেশটিকে। রোহিঙ্গারা বছরের পর বছর ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছে। আদালতের রায় স্পষ্ট করে দিয়েছে, এ ধরনের অপরাধ দায়মুক্তির সুযোগে সংঘটিত হতে পারে না।

এর আগে গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আইসিজে।

আদালত বলেছেন, রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্মরোধের মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল। গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রণয়ন না করায়ও মিয়ানমারকে দায়ী করেছে আদালত।

রায়ের নির্দেশনায় মিয়ানমারকে গণহত্যা কনভেনশনের লঙ্ঘন বন্ধ, সন্দেহভাজন অপরাধীদের তদন্ত এবং প্রমাণ পাওয়া গেলে বিচার ও শাস্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুতদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবেন বলে জানিয়েছেন আদালত। তবে রায়ের দুই বছরের মধ্যে পুনর্বাসন ও ক্ষতিপূরণসংক্রান্ত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদনও মিয়ানমারকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলা করেছিল গাম্বিয়া

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। জাতিসংঘের বিভিন্ন তদন্তে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে আসে। এসব ঘটনার ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে।

২০২০ সালের জানুয়ারিতে অন্তর্বর্তী আদেশে আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে ২০২২ সালে মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে বলে রায় দেন বিচারকেরা। প্রায় সাত বছর ধরে চলা প্রক্রিয়া শেষে গত ১৯ নভেম্বর আসে চূড়ান্ত রায়। এটি কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করে আইসিজের প্রথম রায়।

আইসিজের রায় জাতিসংঘের সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক হলেও এ রায় কার্যকর করার জন্য নিজস্ব সক্ষমতা নেই আন্তর্জাতিক আদালতটির। রায় আইনিভাবে চূড়ান্ত ও আপিলের অযোগ্য হলেও তা বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ক্ষেত্রে এই রায়ের বাস্তব প্রভাব নির্ভর করবে মিয়ানমারের সম্মতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপের ওপর।

সূত্র: রয়টার্স, রেফওয়ার্ল্ড

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad