‘মক্কার দিকে’ ছোড়া হুতিদের ২ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

ডেস্ক, রাজনীতি ডটকম
ইয়েমেনের সানায় হুতিদের সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ১২ মার্চ ২০২৪। ফাইল ছবি: সংগৃহীত
ইয়েমেনের সানায় হুতিদের সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ১২ মার্চ ২০২৪। ফাইল ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কা অঞ্চলের দিকে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের দুটি স্থানে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত থাকার মধ্যেই বুধবার এ ঘটনা ঘটে।

এদিকে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রাম এবং ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাগমাস এলাকায় পড়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চলের দিকে ছোড়া হয়েছিল। পরে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করে।

তবে মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, ইসলামের পবিত্রতম এই দুই শহরের পরিবর্তে সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে তারা অভিযান চালায়।

মুসলিমদের কাছে পবিত্র বিভিন্ন স্থাপনার অবস্থান মক্কায়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম সেখানে হজ পালন করতে যান। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম।

বৃহস্পতিবার ভোরে দেওয়া বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলেছে, ‘বেসামরিক স্থাপনায় এ ধরনের শত্রুতামূলক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি হুতি মিলিশিয়াদের বিপজ্জনক শত্রুতামূলক মনোভাবের প্রতিফলন।’

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুতিরা। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরব।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলে সংঘাত অনেকটা কমে আসে। তবে চলতি বছরের শুরু থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবার বাড়তে থাকে। হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালায় রিয়াদ।

সাম্প্রতিক এই উত্তেজনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad