আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জাতীয় পতাকা দিবসের অনুষ্ঠানে আকাশে উড়ছে দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান। ২০ জুন ২০২৫। ফাইল ছবি: রয়টার্স
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জাতীয় পতাকা দিবসের অনুষ্ঠানে আকাশে উড়ছে দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান। ২০ জুন ২০২৫। ফাইল ছবি: রয়টার্স

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আর্জেন্টিনার তালিকাভুক্ত করার পালটা পদক্ষেপ হিসেবে তেহরান এ সিদ্ধান্ত নিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “এটা স্পষ্ট যে এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত সব পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারের ওপরই বর্তাবে।” তবে বিবৃতিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীর কথা উল্লেখ করা হলেও দেশটির সেনাবাহিনীকে এ তালিকায় রাখা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোকে আইআরজিসির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত এপ্রিলে ইরানের এই বিশেষ বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আর্জেন্টিনা।

আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পক্ষে আর্জেন্টিনা বলেছিল, ইরানের এই বাহিনী লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহায়তা দিয়ে আসছে।

এ ছাড়া ১৯৯৪ সালে রাজধানী বুয়েনস এইরেসে ইহুদি কমিউনিটি সেন্টার এএমআইএতে ভয়াবহ বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। প্রাণঘাতী ওই হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন।

উল্লেখ্য, ইরানের শিয়া ধর্মীয় শাসনব্যবস্থা রক্ষার লক্ষ্যে গঠিত হয় আইআরজিসি। দেশটির এই অভিজাত সামরিক বাহিনী শুধু সামরিক কর্মকাণ্ডেই নয়, ইরানের অর্থনীতির একটি বড় অংশের নিয়ন্ত্রণেও রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad