জাহাজ উধাও, নাবিক নিখোঁজ— ইরান যুদ্ধের প্রভাবে সাগরে মানবিক বিপর্যয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭: ০৬
ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ছয় মাসের বেশি সময় ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না ভারতের নাবিক নবীন কুমারের মা ভি. পান্ডিসেলভি। ইরানের জলসীমায় নিখোঁজ দুটি পণ্যবাহী জাহাজের সঙ্গে থাকা ছয় নাবিকের একজন নবীন। জাহাজ দুটির পরিণতি কী হয়েছে, তারও কোনো হদিস নেই। তবু ছেলে একদিন ফিরে আসবে— এই আশায় দিন কাটাচ্ছেন পান্ডিসেলভি। পুরোনো ভয়েস রেকর্ড শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে অন্তত ১৩০টি সামুদ্রিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর বেশির ভাগই হামলার ঘটনা। এতে অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ায় সংঘাতের মানবিক ক্ষতির চিত্র উঠে এসেছে নিখোঁজ নাবিকদের পরিবারগুলোর দুঃসহ অপেক্ষায়।

তামিলনাড়ুর দিন্দিগুলে নিজ বাড়ির সামনে স্বামী ভি. ভাদিভেল ও ছেলে পৃথ্বী কুমারের সঙ্গে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি পণ্যবাহী জাহাজে থাকা নিখোঁজ ভারতীয় নাবিক নবীন কুমারের মা ভি. পান্ডিসেলভি। ১ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স
তামিলনাড়ুর দিন্দিগুলে নিজ বাড়ির সামনে স্বামী ভি. ভাদিভেল ও ছেলে পৃথ্বী কুমারের সঙ্গে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি পণ্যবাহী জাহাজে থাকা নিখোঁজ ভারতীয় নাবিক নবীন কুমারের মা ভি. পান্ডিসেলভি। ১ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর দিন্দিগুল শহরে নিজের এক কক্ষের বাড়িতে বসে ৪৫ বছর বয়সী পান্ডিসেলভি রয়টার্সকে বলেন, ‘আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না। সন্তানকে হারালে একজন মা-বাবার ওপর দিয়ে কী যায়, তা কাউকে বলে বোঝাতে হয় না। আমরা সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করছি, দয়া করে এগিয়ে আসুন এবং আমাদের সাহায্য করুন।’

রয়টার্স ইরাকের বসরা ও ভারতের তামিলনাড়ুতে জাহাজ চলাচলসংশ্লিষ্ট ব্যক্তি, ইরাকি কর্মকর্তা এবং নিখোঁজ নাবিকদের পরিবারের সঙ্গে কথা বলে এ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে।

‘প্রতিটি মিনিট যন্ত্রণার’

২৩ বছর বয়সী নবীন কুমারের নাবিক হওয়ার স্বপ্ন পূরণে তার পরিবারকে প্রায় ১৫ লাখ ভারতীয় রুপি (১৬ হাজার ডলার) ঋণ নিতে হয়েছিল। সামুদ্রিক বিষয়ে প্রশিক্ষণ শেষ করে ছয় মাসের চাকরির চুক্তিতে যোগ দেন তিনি। পরিবারকে বলা হয়েছিল, তার কর্মস্থল হবে দুবাই। কিন্তু কাজে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি ইরানে পৌঁছান। বিষয়টি জানার পর উদ্বিগ্ন হয়ে পড়ে তার পরিবার।

যুদ্ধ শুরুর প্রায় তিন মাস আগেই নবীনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছিল পরিবার। এরপর তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পান্ডিসেলভি বলেন, ‘আমার মানসিক অবস্থা এমন হয়ে গিয়েছিল যে নিজেকে আর সামলাতে পারছিলাম না। মরিয়া হয়ে তাকে বার্তা পাঠাতাম।’

ছেলের ফোন নম্বরটি এখনো সচল রেখেছে পরিবার। ফোনে ‘নবীন মেরিনার’ নামে নম্বরটি সেভ করা আছে, নামের পাশে নোঙরের ইমোজি। ওই নম্বরে একের পর এক কণ্ঠবার্তা পাঠিয়ে যাচ্ছেন পান্ডিসেলভি। কোনো উত্তর আসে না। শুধু একদিন ছেলে ফোন ধরবে— এই আশায় নম্বরটি বন্ধ করেনি পরিবার।

এক প্রতিবেশী জানান, পান্ডিসেলভি বারবার ছেলের পুরোনো কণ্ঠবার্তা শোনেন আর কাঁদেন।

পান্ডিসেলভি বলেন, ‘তার ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে ভয়ংকর এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সে কি এখনো ওই জাহাজে আছে, নাকি তার সঙ্গে ভয়াবহ কিছু ঘটেছে? কিছুই বুঝতে পারছি না। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য যন্ত্রণার।’

নবীনকে ব্রিজ-১ ও ব্রিজ-২ নামের দুটি জাহাজে কাজের জন্য পাঠানো হয়েছিল। গত ৯ মে নাগাদ জাহাজ দুটি নিখোঁজ হয়। তবে আইএমওর নথিভুক্ত ঘটনার তালিকায় জাহাজ দুটির নাম নেই।

ইরাক সরকার গত মে মাসে জানায়, বলিভিয়ার পতাকাবাহী জাহাজ দুটির নিখোঁজ হওয়ার বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। জাহাজ দুটি থেকে কোনো বিপৎসংকেত পাঠানো হয়নি। নাবিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো থেকেও জাহাজ দুটির বিষয়ে তথ্য চাওয়া হয়।

ইরাকের বসরাভিত্তিক মেরিটাইম ফাউন্ডেশনের প্রধান খালেদ সাদ আল-থালিবি রয়টার্সকে বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৯ মে স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে জাহাজ দুটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) ইরানের কিশ দ্বীপ থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান দেখিয়েছিল।

বসরা থেকে রয়টার্সকে তিনি বলেন, ‘আমরা ইরানে থাকা এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানান, এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। পরদিন ইরানের অনুসন্ধান ও উদ্ধারকারী দল জাহাজ দুটির খোঁজে তল্লাশি চালায়। কিন্তু কিছুই পায়নি।’

তিনি আরও বলেন, ‘জাহাজ দুটি ডুবে গেছে, নাকি কোনো দেশ সেগুলো জব্দ করেছে, তা আমরা জানি না।’

ব্রিজ-১ ও ব্রিজ-২-এর নিখোঁজ নাবিকদের মধ্যে আরও রয়েছেন তিনজন ইরাকি, একজন পাকিস্তানি ও আরেকজন ভারতীয়। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র জানিয়েছে, জাহাজ দুটি ইরানের সঙ্গে বাণিজ্যে ব্যবহৃত হতো এবং সেগুলোতে ইস্পাত পরিবহন করা হচ্ছিল।

কোনো উত্তর পাচ্ছে না পরিবার

নিখোঁজ নাবিকদের একজন ছিলেন ২২ বছর বয়সী ইরাকি নাগরিক হায়দার রহমান আল-মায়াহি। তার ভাই ইউসুফ রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে রয়টার্সকে বলেন, ‘সে এক বছর বয়সী একটি মেয়েকে রেখে গেছে। তার নিখোঁজ হওয়ার শোকে আমাদের বাবার স্ট্রোক হয়েছে।’

ভাইয়ের খোঁজে আল-মায়াহির পরিবার ইরানেও গিয়েছিল। সেখানে তারা জাহাজ দুটির মালিকের সন্ধান পায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই মালিক একজন ইরানি নাগরিক। তিনি জাহাজ দুটির বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানান।

জাহাজ দুটির পরিণতি নিয়ে বিভিন্ন সূত্র থেকে পরস্পরবিরোধী তথ্য পেয়েছে পরিবার। জাহাজ চলাচলসংশ্লিষ্ট কয়েকটি সূত্রের ধারণা, যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজ দুটি ডুবে যেতে পারে। অন্যদের ধারণা, নাবিকদের কোনো উপসাগরীয় দেশ বা ইরান আটক করে থাকতে পারে।

ইরাকি নাবিকদের নিয়োগ দেওয়া ইরানি এজেন্টের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে তিনি ফোন ধরেননি।

এদিকে নবীনের পরিবার তার সামুদ্রিক প্রশিক্ষণের খরচ জোগাতে প্রায় ১৫ লাখ ভারতীয় রুপি ঋণ নিয়েছিল। এখন সেই ঋণের বোঝা সামলাতেও হিমশিম খাচ্ছে পরিবারটি।

নবীনকে নিয়োগ দেওয়া মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান লাস্কার মেরিনের সঙ্গে যোগাযোগ করেছিল তার পরিবার। শুরুতে প্রতিষ্ঠানটি আশ্বাস দিয়েছিল, নবীন শিগগিরই দেশে ফিরবে। পরে তারা জানায়, নবীনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এরপর ফোন করেও আর সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স একাধিকবার লাস্কার মেরিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।

ভারত সরকারের একটি ওয়েবসাইটে প্রকাশিত ২২ মে তারিখের এক আদেশে দেখা যায়, নাবিকদের দেশে ফিরিয়ে আনা এবং তাদের বেতন পরিশোধে বারবার ব্যর্থ হওয়ায় লাস্কার মেরিন সার্ভিসেসের নিয়োগসংক্রান্ত লাইসেন্স বাতিল করেছে ভারতের সিমেনস এমপ্লয়মেন্ট অফিস। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান পরিচালকদের পাঁচ বছরের জন্য সামুদ্রিক ব্যবসায় নিষিদ্ধ করা হয়েছে। দেশে ফিরিয়ে আনা যায়নি, এমন নাবিকদের তালিকায় নবীনের নামও রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের সিমেনস এমপ্লয়মেন্ট অফিসের পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তিনি সাড়া দেননি।

নাবিকদের বেতনের সঙ্গে বেড়েছে ঝুঁকিও

সাধারণত লাস্কার মেরিনের মতো নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজের নাবিকদের ছয় মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। ইরান যুদ্ধ শুরুর পর নাবিক নিয়োগের খরচ তিন গুণ বেড়েছে। ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেক নাবিক এখন মাত্র একটি সমুদ্রযাত্রার জন্য কাজ করছেন।

দুবাইভিত্তিক এক জাহাজ পরিবহনকারী রয়টার্সকে বলেন, আগে একজন নাবিক সাত মাসে যে পরিমাণ আয় করতেন, এখন মাত্র দুই মাসেই তা আয় করতে পারছেন। এরপর অনেকেই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

যুদ্ধ শুরুর আগে একটি জাহাজের সর্বোচ্চ বেতন পাওয়া কর্মী ক্যাপ্টেন মাসে প্রায় ৮ হাজার থেকে ১৩ হাজার ডলার আয় করতেন। এখন তারা এর তিন গুণ পর্যন্ত আয় করতে পারছেন।

ওই জাহাজ পরিবহনকারী বলেন, ‘তারা এখন প্রতি মাসের জন্য তিন মাসের সমপরিমাণ বেতন চান। কিন্তু একটি সমুদ্রযাত্রায় কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা দেখার পর অনেকেই একবার যাওয়ার পরই কাজ ছেড়ে দেন।’

তবে নবীনের মা পান্ডিসেলভির কাছে এখন আর বেশি বেতনের আকর্ষণের কোনো মূল্য নেই।

তিনি বলেন, ‘সন্তানদের কর্মজীবন ও ভবিষ্যৎ গড়তে আমরা নিরলস পরিশ্রম করেছি। কিন্তু এখন যা ঘটেছে, তা দেখে ভাবছি, আমাদের জীবন কোথায় এসে দাঁড়িয়েছে।’

[বার্তা সংস্থা রয়টার্স অবলম্বনে]

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad