গাজায় ইসরায়েলি হামলায় সস্ত্রীক হামাস নেতাসহ ১০ ফিলিস্তিনি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
হামাস নেতা খালেদ আবু নাদা। ছবি: হামাসের ওয়েবসাইট থেকে
হামাস নেতা খালেদ আবু নাদা। ছবি: হামাসের ওয়েবসাইট থেকে

গাজায় ইসরায়েলের পাঁচটি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে এক হামলায় হামাস নেতা খালেদ আবু নাদা ও তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় দিন শীর্ষ কোনো হামাস নেতার মৃত্যু হলো, যার মধ্যে দুজনেই নিহত হয়েছেন সপরিবার।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

এর মধ্যে গাজার দেইর আল-বালাহতে এক আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হামাসের খালেদ আবু নাদা ও তার স্ত্রী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, খালেদ গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সংগঠনটির অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক দায়িত্বে ছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে হামলায় আবু নাদাকে হত্যার কথা নিশ্চিত করেছেন। তবে তার স্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গাজা সিটির বিভিন্ন এলাকা ও দেইর আল-বালাহতে আরও কয়েকটি হামলায় সাতজন নিহত হন। এ ছাড়া ইসরায়েল ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকা বিভক্ত করা ইয়েলো লাইনের কাছে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে আল-আকসা শহিদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজার পূর্বাঞ্চলে হামলার আগে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সতর্কবার্তা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি ভবন ও আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি হামলার লক্ষ্য ছিল তিনজন সশস্ত্র ব্যক্তি। তবে অন্য হামলা ও গুলিবর্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।

এর আগে বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরের এক আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো হামলায় হামাসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ মাজিদ আবু আল-আউফ (৪৭) নিহত হন। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একই হামলায় তার স্ত্রী নুরা এজাত আবু আল-আউফ (৪১) এবং দুই মেয়ে ইউসরা (১৫) ও জানা (১৩) নিহত হয়েছেন।

আগের দিন মঙ্গলবার গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাঈম আবু নাহেল নিহত হন। তার দায়িত্ব ছিল ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতার সন্দেহে থাকা ব্যক্তিদের শনাক্ত করা এবং ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। গাজায় হামাসের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবিলাও ছিল এই বিভাগের কাজের অংশ।

২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা বন্ধ হয়নি। রয়টার্সের হিসাবে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি এবং পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

হামাসের নেতা খলিল আল-হাইয়া ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এসব হত্যাকাণ্ডের জবাবে কী পদক্ষেপ নেওয়া হবে, তা বিবেচনা করছে সংগঠনটি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad