ইসরায়েলের হামলায় হামাসের নিরাপত্তাপ্রধান আবু নাহেল নিহত

গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাঈম আবু নাহেল নিহত হয়েছেন। একই সময়ে চালানো হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আরও অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই হামাসের এই নেতার হত্যার খবর নিশ্চিত করেছেন। তিনি ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রশংসাও করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবু নাহেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য, ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করেছে।
হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে আবু নাহেলের দায়িত্ব ছিল ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতার সন্দেহে থাকা ব্যক্তিদের শনাক্ত করা এবং ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। গাজায় হামাসের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা মোকাবিলাও ছিল এই বিভাগের কাজের অংশ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল রাষ্ট্রের দীর্ঘ হাত থেকে কোনো সন্ত্রাসীই পালাতে পারবে না।’
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে নেতানিয়াহু সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের অভিযানের প্রশংসা করেন।
ইসরায়েলের সামরিক বাহিনী ও শিন বেত এর আগে এক যৌথ বিবৃতিতে গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ সদস্যকে হত্যার কথা জানিয়েছিল। তবে তখন তার নাম প্রকাশ করা হয়নি। পরে নেতানিয়াহু ও কাৎজ আবু নাহেলের পরিচয় নিশ্চিত করেন।
ইসরায়েলি বাহিনীর দাবি, তিনি ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিলেন এবং হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনে কাজ করছিলেন।
আবু নাহেল গত সেপ্টেম্বরে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হন। এর আগে এই দায়িত্বে থাকা মুয়েইন আল-আরাবিদকে গাজা সিটিতে এক অভিযানে আটক করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, আবু নাহেল হামাসের নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে সংগঠনটির ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। এ ছাড়া মধ্য গাজার নেৎসারিম করিডরের কাছেও হামলায় তিনজন নিহত হওয়ার খবর দিয়েছেন চিকিৎসকেরা।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এসব এলাকায় তারা সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নিহতদের পরিচয় নিয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। ইসরায়েলের অভিযোগ, হামাস আবারও সংগঠিত ও অস্ত্রসজ্জিত হওয়ার চেষ্টা করছে। হামাস এ অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে।
রয়টার্সের হিসাব বলছে, যুদ্ধবিরতির পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী অন্তত ১৬০০ ফিলিস্তিনি ও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, সেই অভিযান থেকে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।



-322f2b.jpg)












