স্বীকারোক্তি আদায়ে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনকে ‘প্রাতিষ্ঠানিক রূপ’ দিয়েছে ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের শিকমা কারাগারে বন্দি কয়েকজন ফিলিস্তিনি। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের শিকমা কারাগারে বন্দি কয়েকজন ফিলিস্তিনি। ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনের ব্যবহারকে ‘প্রাতিষ্ঠানিক রূপ’ দিয়েছে ইসরায়েল। জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের ঘটনা সরকারি নথিতেও লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি বন্দিদের জিজ্ঞাসাবাদে ‘বিশেষ ব্যবস্থা’ নেওয়ার আগাম অনুমোদনও দেওয়া হয়েছে। ইসরায়েলের নির্যাতনবিরোধী সংগঠন পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল (পিসিএটিআই) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত এক দশকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের করা ৪২টি নির্যাতনের অভিযোগ পর্যালোচনা করেছে পিসিএটিআই। অভিযোগকারীদের তিন-চতুর্থাংশের বেশি জানিয়েছেন, ‘নির্যাতন বা অন্যান্য অবৈধ পদ্ধতি’ ব্যবহারের পর তারা স্বীকারোক্তি দিয়েছেন। তাদের মধ্যে প্রতি ১০ জনে একজন নির্যাতনের শিকার হয়ে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও অপরাধের কথা স্বীকার করেছেন।

পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, ফিলিস্তিনি বন্দিদের ক্ষেত্রে ইসরায়েলের আইনব্যবস্থা স্বীকারোক্তি আদায়ের হাতিয়ার হিসেবে নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। সেই স্বীকারোক্তিতে সত্য তথ্য রয়েছে কি না, তা বিবেচনা করা হয় না।

তিনি বলেন, ১৯৬২ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে জিজ্ঞাসাবাদের হাতিয়ার হিসেবে নির্যাতনের ব্যবহার বিশেষভাবে গুরুতর বিষয়।

বছরের পর বছর ধরে শত শত সাক্ষ্যে ফিলিস্তিনি বন্দিরা জিজ্ঞাসাবাদের সময় চরম ঘুমবঞ্চনা, চড়-লাথির মতো শারীরিক নির্যাতন, হুমকি, যৌন সহিংসতা এবং দীর্ঘ সময় অস্বস্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে রাখার কথা জানিয়েছেন।

শিন বেতের সরকারি নথিতেও নির্যাতনের কিছু ঘটনা উঠে এসেছে। পিসিএটিআই এমন এক ফিলিস্তিনি আইনজীবীর ঘটনা তুলে ধরেছে, যাকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তারের পর চরম ঘুমবঞ্চনার শিকার করা হয়।

ওই আইনজীবীকে ২৭ দশমিক ৫ দিন বা ৬৬০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ৫৫২ ঘণ্টার বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অর্থাৎ প্রতিদিন গড়ে ২০ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়। একটি জিজ্ঞাসাবাদ টানা প্রায় ৪৮ ঘণ্টা চলে। বাকি ১০৮ ঘণ্টার কিছু সময় তাকে আদালতে হাজির করার জন্য যাতায়াত ও আটকসংক্রান্ত শুনানিতে ব্যয় করতে হয়।

১৯৯৯ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ইচ্ছাকৃতভাবে জিজ্ঞাসাবাদের পদ্ধতি হিসেবে ঘুমবঞ্চনা নিষিদ্ধ করেছিল। এরপরও ওই আইনজীবীকে গুলি হামলায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। পিসিএটিআইয়ের দাবি, তার বিরুদ্ধে রায়ের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছিল।

তবে শিন বেতের জিজ্ঞাসাবাদ নিয়ে অভিযোগ তদন্তকারী রাষ্ট্রীয় পরিদর্শক মাভতান ‘ওই জিজ্ঞাসাবাদ নির্ধারিত নিয়ম অনুযায়ীই হয়েছে’ বলে রায় দিয়েছিল। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিন বেতের জিজ্ঞাসাবাদ নিয়ে বিচার মন্ত্রণালয়ের অধীনে থাকা বিশেষ ইউনিট মাভতানের কাছে ১ হাজার ৬৮০টির বেশি নির্যাতনের অভিযোগ জমা পড়ে। তবে এসব অভিযোগের একটিতেও অভিযোগপত্র দেওয়া হয়নি।

ইসরায়েলের আদালতের নথিতেও আরও কিছু নির্যাতনের ঘটনা পরোক্ষভাবে উঠে এসেছে। পিসিএটিআই বলছে, নির্যাতনের মাধ্যমে ফিলিস্তিনিদের কাছ থেকে পাওয়া সাক্ষ্য খুব কম ক্ষেত্রেই বিচারকরা গ্রহণ করেন।

একটি ঘটনায় নির্যাতনের মাধ্যমে পাওয়া এক বন্দির মিথ্যা স্বীকারোক্তিকে রাষ্ট্রপক্ষ প্রমাণ হিসেবে ব্যবহার করেছিল। পরে ওই ব্যক্তির আইনজীবী প্রমাণ করেন, অপরাধ সংঘটনের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। এরপর তাকে মুক্তি দেওয়া হয়।

পিসিএটিআই পর্যালোচনা করা অভিযোগগুলোর মধ্যে ঘুমবঞ্চনাই ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত নির্যাতনের পদ্ধতি। অর্ধেকের বেশি অভিযোগে অস্বস্তিকর ভঙ্গিতে দীর্ঘ সময় রাখা এবং অন্যান্য ধরনের শারীরিক নির্যাতনের কথাও উঠে এসেছে।

ইসরায়েল জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষরকারী দেশ। তবে পিসিএটিআইয়ের মতে, জীবন রক্ষাকারী তথ্য আদায়ের জন্য ‘প্রয়োজনীয়’ মনে করা হলে নির্যাতন ও সহিংসতার ব্যবহার দেশটির আইনব্যবস্থায় কার্যত অনুমোদিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রয়োজনীয়তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ’ বা ‘সামরিক জিজ্ঞাসাবাদের’ ক্ষেত্রে শিন বেতের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেন এবং নিজেদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নথিভুক্ত করার অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে বন্দিদের নির্যাতন করেন।

পিসিএটিআই বলছে, নির্যাতনের ক্ষেত্রে কথিত সীমিত একটি ব্যতিক্রম ধীরে ধীরে বিস্তৃত আইনগত ও প্রশাসনিক ব্যতিক্রমের ব্যবস্থায় পরিণত হয়েছে। এর ফলে নিষেধাজ্ঞার অস্তিত্ব বজায় রাখার পাশাপাশি সহিংসতা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

শিন বেতের ভেতরে এ ধরনের ‘প্রয়োজনীয়তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ’ কতটা ব্যাপক, সে বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পিসিএটিআই। ইসরায়েল মৃত্যুদণ্ডের ওপর দীর্ঘদিনের কার্যত স্থগিতাবস্থা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়ায় বিষয়টি আরও উদ্বেগের হয়ে উঠেছে। ১৯৬২ সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইসরায়েলে আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

সারি বাশি বলেন, মৃত্যুদণ্ড সব সময়ই ভুল। কারণ এটি নিষ্ঠুর, অপরিবর্তনীয় এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। পদ্ধতিগত সহিংসতায় কলঙ্কিত কোনো ব্যবস্থায় কাউকেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়।

গত মার্চে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট এমন একটি আইন পাস করে, যাতে প্রাণঘাতী হামলার জন্য সন্ত্রাসবাদী অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ রাখা হয়েছে। একই ধরনের অপরাধে জড়িত ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সামরিক আদালতে বিচার হয়। সেখানে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত আসামির জন্য এখন মৃত্যুদণ্ডই নির্ধারিত শাস্তি। এদিকে মার্চে পাস হওয়া আইনটি নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, আইনটি কার্যকর হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা থেকে উদ্ভূত মামলায় একটি বিশেষ ট্রাইব্যুনালকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দিয়ে আলাদা একটি আইনও করা হয়েছে।

বিরল কিছু ক্ষেত্রে আদালত নির্যাতনের মাধ্যমে পাওয়া স্বীকারোক্তি বাদ দিলেও ইসরায়েলের বিচারব্যবস্থায় এমন বিধান রয়েছে, যার মাধ্যমে ওই স্বীকারোক্তি থেকে পাওয়া তথ্যকে প্রমাণ হিসেবে ব্যবহার করে আসামিকে দোষী সাব্যস্ত করা যায় বলে জানিয়েছে পিসিএটিআই।

২০২৩ সালের অক্টোবরের পর বন্দিদের আটক রাখার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ সময় মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের কারারক্ষী ও সেনাদের সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার তথ্য নথিভুক্ত করেছে। এর মধ্যে মারধর, কুকুর দিয়ে হামলা, বৈদ্যুতিক শক, হুমকি ও ধর্ষণের অভিযোগ রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি হেফাজতে অন্তত ১০৩ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। ইসরায়েলভিত্তিক সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল ১০টি ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে। এর মধ্যে পাঁচটিতে শারীরিক হামলার চিহ্ন এবং ছয়টিতে চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

ইসরায়েল প্রিজন সার্ভিস বলেছে, ‘সব বন্দিকে আইন অনুযায়ী আটক রাখা হয়।’ তবে এ বিষয়ে দ্য গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে শিন বেত ও ইসরায়েলের বিচার মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad