কুয়েতে ড্রোন হামলায় ২ ইতালিয়ান নিহত, ইরানের অস্বীকার

কুয়েতে ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। তারা জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখা রাইনমেটাল ইতালিয়ার কর্মী ছিলেন। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত। তবে তেহরান ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কুয়েতের একটি স্থাপনায় কাজ করার সময় দুই ইতালীয় প্রযুক্তিবিদ ড্রোন হামলার শিকার হন। বিস্ফোরণে দুজনই নিহত হয়েছেন।
এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির সেনাবাহিনী একটি ‘শত্রুভাবাপন্ন ইরানি ড্রোন’ প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই ইতালীয় নাগরিক ছাড়াও একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে ইতালীয় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। কুয়েত বলেছে, নিজেদের ভূখণ্ড, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকে ফোন করে সমবেদনা জানিয়েছেন এবং হামলার নিন্দা করেছেন।
তবে ইরানের সশস্ত্র বাহিনী হামলায় জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র সারদার শেখারচি বলেছেন, ইরানের সামরিক বাহিনী ওই অঞ্চলে কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান চালায়নি। তার অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতীতেও ‘ফলস ফ্ল্যাগ’ বা অন্যের নামে হামলা চালিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে।
এ হামলার সময় কুয়েতে নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য ইতালির একটি প্রতিনিধিদলও অবস্থান করছিল। বিশ্লেষকদের মতে, দুই ইতালীয় নাগরিকের মৃত্যু উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।
গত কয়েক সপ্তাহে কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কয়েকটি দেশ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইরানের দাবি, এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকায় সেগুলো তাদের হামলার আওতায় আসছে। অন্যদিকে জিসিসি দেশগুলো বলছে, কোনো সদস্যরাষ্ট্রের ওপর হামলা পুরো জোটের সার্বভৌমত্বের ওপর আঘাত।















