নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা অগ্রাধিকার, আলোচনাও চালিয়ে যাব: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেও আপাতত নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়ানোই ইরানের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দায়িত্ব ইরান ভুলে যায়নি। তবে বর্তমান পরিস্থিতিতে শত্রুদের নিষেধাজ্ঞা ও চাপের ওপর নির্ভর করার আশা ভেঙে দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে। আলোচনা ইরানের কাজের অংশ এবং এ দায়িত্ব তারা পালন করে যাবে। তবে এখন দেশের সহনশীলতা বাড়ানো এবং নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় সক্ষমতা তৈরি করাই প্রধান লক্ষ্য।
মধ্যস্থতার বিষয়ে আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশ দুটি বিভিন্ন ধারণা ও প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। এর ফলে নতুন কিছু প্রস্তাবও সামনে এসেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে ইরানের মৌলিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে, যেগুলো বাস্তবায়ন করতে হবে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ নিয়েও কঠোর অবস্থান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, ইরানকে অবরুদ্ধ করা সম্ভব নয়, বাস্তবসম্মতও নয়। বিভিন্ন উপায়ে বাণিজ্যিক ও যোগাযোগের পথ সচল রাখার সক্ষমতা ইরানের রয়েছে।
আরাগচি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করা ইরানি কর্মকর্তারা দেশের প্রয়োজন মেটানো এবং বাণিজ্যিক প্রবাহ সচল রাখতে দিনরাত কাজ করছেন। নিষেধাজ্ঞা কিংবা অবরোধের চাপেও প্রয়োজনীয় সরবরাহ ও যোগাযোগ বজায় রাখার চেষ্টা চলবে।
সূত্র: আল-জাজিরা, আইআরআইবি














