ইসরায়েলের হামলায় স্ত্রী-সন্তানসহ নিহত হামাসের নিরাপত্তা কর্মকর্তা

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, তার স্ত্রী ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। কাছাকাছি সময়ে গাজা সিটির উত্তরাঞ্চলের কারামা এলাকায় আরেকটি বিমান হামলায় একজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরের এক আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো হামলায় হামাস কর্মকর্তার পরিবারের চারজনের মৃত্যু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।
নিহত মোহাম্মদ মাজিদ আবু আল-আউফ (৪৭) গাজার উত্তরাঞ্চলে হামাস পরিচালিত অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তার স্ত্রী নুরা এজাত আবু আল-আউফ (৪১) এবং দুই মেয়ে ইউসরা (১৫) ও জানা (১৩) নিহত হয়েছেন।
চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, হামলায় তাদের অ্যাপার্টমেন্টটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে হতাহতদের উদ্ধারে কাজ করা হয়।
আবু আল-আউফকে হত্যার ঘটনা এমন সময়ে ঘটল, যখন এর আগের দিন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক নাইম আবু নাহেল ইসরায়েলি হামলায় নিহত হন। অর্থাৎ, ২৪ ঘণ্টার মধ্যে হামাসের নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ের দুজন কর্মকর্তা নিহত হলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার নাইম আবু নাহেলের হত্যার পর বলেছিলেন, হামাসের কেউই ইসরায়েলের নাগালের বাইরে নয়। গাজায় হামাসের নিরাপত্তা বিভাগ ফিলিস্তিনিদের মধ্যে ইসরায়েলের হয়ে কাজ করার সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা এবং ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ করে।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা থামেনি। ফিলিস্তিনি ও ইসরায়েলি হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৬০০ ফিলিস্তিনি ও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
গাজায় ইসরায়েলি বাহিনী এখনো উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে হামাস উপকূলীয় একটি সীমিত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের নিরস্ত্রীকরণসহ গুরুত্বপূর্ণ শর্তগুলো নিয়েও অগ্রগতি হয়নি।











-574c83-256x144.webp)




