ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুলের, পালটা আক্রমণ বিজেপির

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তার ফোনে আড়ি পাতছে। মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও পুনর্ব্যক্ত করেছেন। এ অভিযোগের পর কংগ্রেস নেতা রাহুলকে পালটা আক্রমণ করেছে বিজেপি। দলটির কেরালা রাজ্য শাখার প্রধান রাজীব চন্দ্রশেখর রাহুলকে মানসিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

টাইম অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিওতে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতছেন।’

পরে এক্সে প্রকাশ করা আরেকটি ভিডিওতে মোদির বক্তব্যের সমালোচনা করেন রাহুল। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের জন্য অন্যের লেখা চিত্রনাট্যের ওপর নির্ভর করছেন। তার সঙ্গে বিতর্কে বসার চাপও মোদির ওপর প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

ভিডিওর ক্যাপশনে রাহুল লেখেন, ‘মঞ্চ আপনার, পরিবেশ আপনার— তারপরও আপনার একটি চিত্রনাট্যের প্রয়োজন হলো। মনে হচ্ছে, চাপটা আপনার ওপর প্রভাব ফেলেছে।’

মোদিকে বিতর্কে বসার আহ্বান জানিয়ে রাহুল আরও বলেন, ‘যাহোক, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে বিতর্কে বসার সময় আপনিও টেলিপ্রম্পটার নিয়ে আসবেন। আপনার পছন্দের একজন বিচারকও বসাতে পারেন।’

তিনি বলেন, ‘শুধু হাজির হোন, এতটুকুই। দেশ জানতে চায়— প্রকৃত বিশ্বাসঘাতক কে?’

ভিডিওতে রাহুল দাবি করেন, তার সঙ্গে সরাসরি বিতর্কে বসলে মোদির রাজনৈতিক জীবনের অবসান ঘটতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বারবার কথাটি বলেছি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনের অবসান ঘটবে, আমার কথা মনে রাখবেন, যদি তিনি আমার সঙ্গে এসে বিতর্কে বসেন।’

রাহুল আরও বলেন, ‘তিনি এটা জানেন, আমিও জানি। তিনি আমাকে বারবার দেশবিরোধী বলছেন। আমি দেশের মানুষকে দেখাতে চাই, প্রকৃতপক্ষে কে দেশবিরোধী, কে কার নিয়ন্ত্রণে রয়েছেন এবং কখন থেকে রয়েছেন। আর তিনি সত্যটা জানেন।’

রায়বেরেলির এই সংসদ সদস্যের অভিযোগ, তাকে নিয়ে মন্তব্য ও আক্রমণ থেকে সরে এসে নরেদ্র মোদি এখন সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘একটি বিষয় খেয়াল করুন। তার মনে কিছুটা ভয় কাজ করছে। কারণ, তিনি এখন আর আমাকে নিয়ে মন্তব্য করছেন না। আমাকে আক্রমণও করছেন না। তিনি খুব, খুব সতর্ক হয়ে গেছেন। এর নিশ্চয়ই কোনো কারণ আছে।’

রাহুলের পাশে অখিলেশ যাদব

রাহুল গান্ধীর ফোনে আড়ি পাতার অভিযোগের বিষয়ে তার প্রতি সমর্থন জানিয়েছেন ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে আধুনিক প্রযুক্তিকে পুরোপুরি বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

অখিলেশ বলেন, ‘আজকের প্রযুক্তিকে বিশ্বাস করা উচিত নয়। এআইয়ের যুগে যেকোনো কিছুই সম্ভব।’

এ সময় প্রয়াত এক নেতার ফোনে আড়ি পাতার অভিযোগের কথাও স্মরণ করেন তিনি।

রাহুলকে পালটা আক্রমণ বিজেপির

রাহুলের অভিযোগ প্রত্যাখ্যান করে পালটা আক্রমণ করেছে বিজেপি। দলটির কেরালা রাজ্য শাখার প্রধান রাজীব চন্দ্রশেখর ফোনে আড়ি পাতার অভিযোগ নাকচ করে রাহুলের ব্যক্তিগত সমালোচনা করেন।

রাজীব চন্দ্রশেখর বলেন, ‘রাহুল গান্ধীকে আমি শুধু এটুকুই বলতে পারি, যথাযথ সম্মান রেখেই বলছি, তার মাথা পরীক্ষা করানো উচিত। তার ফোনে আড়ি পাততে কারও আগ্রহ নেই। কেউ তার ফোনে আড়ি পাততে আগ্রহী নয়। কেউ যদি আগ্রহী হয়, তাহলে তা শুধু এটা বোঝার জন্য যে কেন তার মস্তিষ্ক প্রতিদিন শুধু মিথ্যা নিয়েই কাজ করে।’

এর আগে মোদির সঙ্গে বিতর্কে বসার জন্য রাহুলের আহ্বান প্রত্যাখ্যান করেছিল বিজেপি। এর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস নেতাকে সংসদে তার সঙ্গে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান। রাজপথে রাজনৈতিক বিতর্ক না করে সংসদে এসে অভিযোগ ও যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়েছিলেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad