ইসরায়েলি নজরদারি প্রযুক্তি কিনতে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিও পাশ কাটাচ্ছে ভারত

সরকারি সংস্থাগুলোর জন্য ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব প্রযুক্তি দিয়ে পাসওয়ার্ড ছাড়াই জব্দ করা মোবাইল ফোনের তথ্য বের করা শুধু নয়; ইনস্টাগ্রাম, এক্স, টিন্ডারসহ শতাধিক অনলাইন সেবা থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং স্মার্ট হোম ডিভাইস ও পরিধানযোগ্য প্রযুক্তি থেকেও তথ্য উদ্ধার করা সম্ভব। এতে সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিরোধী ও সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং রাষ্ট্রীয় নজরদারির সীমা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
দেশীয় প্রতিষ্ঠান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিতে বিদেশি প্রযুক্তি কেনাকে নিরুৎসাহিত করে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি প্রবর্তন করেছিল নরেন্দ্র মোদি সরকার। এখন এসব প্রযুক্তি কেনার জন্য সেই নীতির বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে।
ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা ভারতীয় সংগঠন ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাও সংশ্লিষ্ট সরকারি চিঠি, দরপত্র ও নথি পর্যালোচনা করে প্রযুক্তিগুলোর সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছে।
অনুসন্ধান অনুযায়ী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় সরকারি কেনাকাটায় দেশীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম থেকে এক বছরের জন্য বিস্তৃত ছাড় অনুমোদন করেন। এর ফলে বিদেশি প্রতিষ্ঠানের তৈরি অন্তত ৪২২টি ফরেনসিক পণ্য ও প্রযুক্তি কেনার সুযোগ তৈরি হয়। এসব পণ্যের মধ্যে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের একাধিক নজরদারি ও ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি রয়েছে।
আইএফএফের পর্যালোচনা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জানুয়ারির একটি চিঠিতে এ ছাড়ের অনুমোদন দেওয়া হয়। এরপর ২০ জানুয়ারির আরেকটি চিঠিতে জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে সেলেব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ কেনার অনুমতি দেন শাহ। তিন বছরের লাইসেন্সের জন্য এর ব্যয় ধরা হয় প্রায় পাঁচ কোটি রুপি, যা প্রায় পাঁচ লাখ ৩০ হাজার ডলারের সমান।
ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি অনুযায়ী, সরকারি কেনাকাটায় বিদেশি সরবরাহকারীদের তুলনায় যোগ্য দেশীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার কথা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদনে এ নিয়ম থেকে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে।
অমিত শাহ সেই ক্ষমতা ব্যবহার করেই বিদেশি প্রযুক্তি কেনার পথ তৈরি করেছেন। এই ছাড়ের মাধ্যমে ভারতীয় নিরাপত্তা ও তদন্ত সংস্থাগুলোর জন্য কী ধরনের প্রযুক্তি কেনার সুযোগ তৈরি হয়েছে, তা স্পষ্ট হয়েছে।
ফোন থেকে ক্লাউড, শতাধিক অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের সক্ষমতা
আইএফএফের শনাক্ত করা ৪২২টি পণ্যের তালিকার মধ্যে ১১৮টি ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিক প্রযুক্তির আওতাভুক্ত। এর মধ্যে রয়েছে সেলেব্রাইটের তৈরি পাথফাইন্ডার, ইনসেয়েটস অন-প্রেম প্রো এবং ইনসেয়েটস অফলাইন। এসব প্রযুক্তির কাজ হলো জব্দ করা ডিজিটাল ডিভাইস থেকে তথ্য উদ্ধার, বিশ্লেষণ এবং বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ তৈরি করা।
সেলেব্রাইটের প্রযুক্তি শুধু মোবাইল ফোনের পাসওয়ার্ড ভাঙা বা ফোনের তথ্য কপি করার মধ্যেই সীমাবদ্ধ নয়, জব্দ করা ফোন বা কম্পিউটার থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে শতাধিক ক্লাউডভিত্তিক সেবায় প্রবেশের সক্ষমতাও রয়েছে। লগইন টোকেন একধরনের ডিজিটাল চাবি, যার মাধ্যমে ব্যবহারকারীকে বারবার পাসওয়ার্ড না দিয়েই অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
অর্থাৎ, কোনো ব্যক্তির ফোন বা কম্পিউটার জব্দ করার পর সেখান থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে তার সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের তথ্যও সংগ্রহ করা সম্ভব। এর মধ্যে ইনস্টাগ্রাম, এক্স, টিন্ডারসহ বিভিন্ন ক্লাউড সেবা রয়েছে।
আল-জাজিরা ভারতের দিল্লি পুলিশের জাতীয় সাইবার ফরেনসিক ল্যাবরেটরির জন্য প্রকাশ করা একটি দরপত্রও পর্যালোচনা করেছে। এই ল্যাবরেটরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের (আই৪সি) অংশ।
দরপত্রে এমন সফটওয়্যার চাওয়া হয়েছে, যা অ্যাপলের ম্যাকওএস, মাইক্রোসফটের উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড নিরাপত্তা পাশ কাটাতে পারবে। একই সঙ্গে ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ব্রাউজার হিস্ট্রি, মুছে ফেলা ফাইল ও ভিপিএন ব্যবহারের চিহ্ন উদ্ধার করতে পারবে।
ফোন বা কম্পিউটারের স্ক্রিন লক অকার্যকর করা, পুরো ফাইল সিস্টেম থেকে তথ্য সংগ্রহ, এনক্রিপ্ট করা ব্যাকআপ খোলা এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের তথ্য উদ্ধারের সক্ষমতাও এই সফটওয়্যার থাকতে হবে বলে দরপত্রে উল্লেখ করা হয়েছে।
দিল্লি পুলিশের চাহিদা এখানেই শেষ নয়। শতাধিক ক্লাউডভিত্তিক সেবা থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম একটি সমন্বিত বা ‘অল-ইন-ওয়ান’ ব্যবস্থা চেয়েছে তারা। এর মধ্যে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও ডিসকর্ডের পাশাপাশি টিন্ডার, গ্রিন্ডার ও ওকেকিউপিডের মতো ডেটিং অ্যাপ রয়েছে। স্ল্যাক ও অনলি ফ্যানসের মতো প্ল্যাটফর্ম থেকেও তথ্য সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে।
এসব অ্যাকাউন্টে প্রবেশের জন্য জব্দ করা ডিভাইস থেকে পাওয়া ব্যবহারকারীর লগইন তথ্য বা টোকেন ব্যবহার করার কথা বলা হয়েছে দরপত্রে। এ ছাড়া ড্রোন, স্মার্ট ঘড়ি ও অন্যান্য পরিধানযোগ্য প্রযুক্তি থেকে তথ্য সংগ্রহ এবং অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো স্মার্ট হোম ডিভাইসের তথ্য উদ্ধারের সক্ষমতাও চাওয়া হয়েছে।
সেলেব্রাইট ছাড়াও বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের প্রযুক্তি কেনার সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফট। এসব প্রতিষ্ঠানের পণ্যের পাশাপাশি ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), ডার্ক ওয়েব পর্যবেক্ষণ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত তদন্তের সফটওয়্যারও রয়েছে তালিকায়।
সাংবাদিক ও বিরোধীদের ফোন নিয়ে উদ্বেগ
সেলেব্রাইটের প্রযুক্তি বিভিন্ন দেশে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ রয়েছে। সার্বিয়া, জর্ডান, কেনিয়া ও রাশিয়ায় এ প্রতিষ্ঠানের তৈরি প্রযুক্তি ব্যবহারের নজিরের কথা জানিয়েছে অনুসন্ধানী প্রতিবেদনে।
ভারতেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া ফোনের তথ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর সাম্প্রতিক একটি উদাহরণ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত এই ইউটিউবার গত মাসে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে আসেন।
বিক্ষোভের দিন সকালে বাড়িতে থাকা অবস্থায় তাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে একটি পডকাস্টে রাঠি দাবি করেন, পুলিশ সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তার আইফোনের তথ্য কপি করার চেষ্টা করেছিল বলে তার সন্দেহ। তবে তার ফোনে আইওএসের তুলনামূলক নতুন সংস্করণ থাকায় সেই চেষ্টা সফল হয়নি বলে তিনি মনে করেন।
একই ধরনের প্রশ্ন তুলেছেন সংবাদপত্র সিয়াসাত ডেইলির সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসেইন। তিনি জানান, গত ১০ অক্টোবর দিল্লিতে একজন ক্যামেরাপারসনের সঙ্গে তাকে আটক করা হয়। সে সময় তার মোবাইল ফোনও জব্দ করে পুলিশ।
হুসেইন বলেন, সন্ধ্যায় ফোনটি ফেরত পাওয়ার পর দেখতে পান, তাদের সংবাদ সংগ্রহের সময় ধারণ করা সব ভিডিও বেছে বেছে মুছে ফেলা হয়েছে। তিনি স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডচালিত গ্যালাক্সি এস২৪ ব্যবহার করেন। ফোনটিতে প্যাটার্ন লক ও আঙুলের ছাপের নিরাপত্তাব্যবস্থা ছিল।
তার ফোনের নিরাপত্তাব্যবস্থা পাশ কাটাতে পুলিশ ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি হুসেইন। তবে তার প্রশ্ন, ‘এতে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’
মোদি ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহারের অভিযোগ একাধিকবার উঠেছে।
২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজন ও আনন্দ মঙ্গলালের ফোনে পেগাসাসের সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। তবে অনুমতি ছাড়া নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে ভারত সরকার।
বিরোধী শাসিত রাজ্যেও কেনা হয়েছে ইসরায়েলি প্রযুক্তি
নজরদারি প্রযুক্তি কেনার ক্ষেত্রে শুধু কেন্দ্রীয় সরকার বা বিজেপিশাসিত রাজ্যগুলোই নয়, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকও একই ধরনের ফোন থেকে তথ্য সংগ্রহ ও ক্লোন করার প্রযুক্তি কিনেছে।
অর্থাৎ, বিষয়টি শুধু মোদি সরকারের নজরদারি সক্ষমতা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন রাজ্য সরকারগুলোর কাছেও এসব প্রযুক্তির ব্যবহার পৌঁছে গেছে।
আল-জাজিরা এ বিষয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কেউই কোনো মন্তব্য করেনি। দিল্লি পুলিশ সরাসরি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।
নজরদারির বিরুদ্ধে আইনি সুরক্ষা কতটা?
ভারতের ডিজিটাল অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কাজ করা আইনজীবী বৃন্দা ভান্ডারি মনে করেন, দেশটিতে নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে। একই সঙ্গে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নজরদারির পরিবর্তে বৃহৎ পরিসরে নজরদারি চালানোও সহজ হয়ে উঠছে।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, এখনকার নজরদারি ব্যবস্থায় একজন ব্যক্তির জীবন সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব। এতে শুধু নির্দিষ্ট ব্যক্তি নয়, আরও অনেক মানুষ নজরদারির আওতায় চলে আসার ঝুঁকি তৈরি হয়েছে।
আইএফএফের অনুসন্ধানে ভারতের আইনি কাঠামোর একটি বড় দুর্বলতাও চিহ্নিত করা হয়েছে। দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর জব্দ করা মোবাইল ফোনের পাসওয়ার্ড জোর করে অকার্যকর করা, পুরো ফোনের তথ্য সংগ্রহ কিংবা ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন বা প্রটোকল নেই।
ফৌজদারি আইনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন আলামত জব্দ করার ক্ষমতা দেওয়া হলেও ফোনের পাসকোড পাশ কাটানো, পুরো ফাইল সিস্টেমের তথ্য কপি করা কিংবা ফোন থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। একইভাবে এভাবে সংগৃহীত তথ্য কত দিন সংরক্ষণ করা যাবে এবং কখন তা মুছে ফেলতে হবে, সে বিষয়েও নির্দিষ্ট নিয়ম নেই।
ভারতের সুপ্রিম কোর্ট ২০১৭ সালের এক ঐতিহাসিক রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে সংবিধানের অধীনে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। রায়ে বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জন্য আইনগত ভিত্তি থাকতে হবে, সেটি রাষ্ট্রের বৈধ উদ্দেশ্য পূরণে হতে হবে এবং হস্তক্ষেপের মাত্রা সেই উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
কিন্তু বর্তমান নজরদারি প্রযুক্তির ব্যবহার এসব শর্ত কতটা মেনে চলছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ভান্ডারি বলেন, যথাযথ ও কার্যকর তদারকি ছাড়াই সরকারি সংস্থাগুলো এসব প্রযুক্তি ব্যবহার করলে নজরদারির পরিধি আরও বিস্তৃত হবে। এতে অনেক বেশি মানুষ আইনসভা, সংসদ কিংবা বিচার বিভাগের কার্যকর নজরদারির বাইরে থেকে রাষ্ট্রীয় নজরদারির শিকার হতে পারেন।
তার মতে, যুক্তরাজ্য ও জার্মানির মতো কিছু দেশে নজরদারি কার্যক্রমের ওপর সংসদীয় অথবা বিচারিক তদারকির ব্যবস্থা রয়েছে। কিন্তু ভারতে মূলত নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থার ওপরই নির্ভর করতে হয়।
নজরদারির ওপর তদারকির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ভান্ডারি বলেন, ‘নজরদারির ক্ষেত্রে কিছু বাধা তৈরি করাই তদারকির মূল উদ্দেশ্য, যেন সরকার চাইলেই সহজে সবাইকে লক্ষ্যবস্তু বানাতে না পারে।’
ভান্ডারির মতে, ভারতের বর্তমান আইনি কাঠামো এ ধরনের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।
নজরদারির শিকার ব্যক্তি জানবেন কীভাবে?
নজরদারির বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রেও বড় সমস্যা রয়েছে। কারণ কোনো ব্যক্তি নজরদারির শিকার হয়েছেন কি না, অনেক সময় তা জানারই সুযোগ থাকে না। ফলে কে অভিযোগ করবেন, কীসের ভিত্তিতে অভিযোগ করবেন এবং কীভাবে প্রতিকার চাইবেন— এসব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন।
ভান্ডারি বলেন, যার ওপর নজরদারি চালানো হচ্ছে, তিনি যদি বিষয়টি জানতেই না পারেন, তাহলে জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হবে কীভাবে, সেটিও বড় প্রশ্ন।
ভারতের সরকারি সংস্থাগুলোর হাতে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়লেও তার বিপরীতে আইনি সুরক্ষা, স্বচ্ছতা ও স্বাধীন তদারকিরজ ব্যবস্থা একইভাবে শক্তিশালী হয়নি। ফলে ফোনের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ব্যক্তিগত তথ্য সংগ্রহ থেকে শুরু করে ক্লাউড অ্যাকাউন্ট ও স্মার্ট ডিভাইসে প্রবেশ— সবকিছুই কার্যত একটি আইনি ধূসর অঞ্চলে পরিচালিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আইএফএফের অনুসন্ধানের মূল উদ্বেগও এখানেই। রাষ্ট্রের হাতে অপরাধ তদন্তের প্রযুক্তি থাকা এক বিষয়, আর সেই প্রযুক্তি ব্যবহারের সুস্পষ্ট আইনি সীমা ও জবাবদিহি না থাকা আরেক বিষয়। দ্বিতীয়টির অনুপস্থিতিতে অপরাধ তদন্তের জন্য তৈরি প্রযুক্তি নাগরিকদের ব্যক্তিগত জীবন, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর ব্যাপক নজরদারির হাতিয়ার হয়ে উঠতে পারে।









-153a25.jpg)




