ফকল্যান্ডসে তেল উত্তোলন, ব্রিটিশ কোম্পানির প্রধানকে কারাদণ্ডের হুমকি আর্জেন্টিনার

ফকল্যান্ড দ্বীপপুঞ্জে (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) তেল উত্তোলন প্রকল্পে যুক্ত ব্রিটিশ কোম্পানি রকহপার এক্সপ্লোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম মুডিকে কারাদণ্ড ও জরিমানার হুমকি দিয়েছে আর্জেন্টিনা। একই হুমকি দেওয়া হয়েছে কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তাকেও।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্বীপপুঞ্জটির মালিকানা নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বিরোধের মধ্যে সমুদ্রসীমায় তেল উত্তোলন বন্ধ করতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরির পাশাপাশি নিজস্ব আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে বুয়েনস এইরেস।
স্যাম মুডি জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর আর্জেন্টিনা সরকার তাকে এবং রকহপারের প্রধান অর্থ কর্মকর্তাকে চিঠি দিয়ে ফৌজদারি মামলায় বিচারের পাশাপাশি কারাদণ্ড ও জরিমানার হুমকি দেয়। ফকল্যান্ডসের উত্তরে সি লায়ন নামের সমুদ্রতলীয় তেলক্ষেত্রে উত্তোলন প্রকল্পে যুক্ত থাকার কারণেই এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালে (আইটিএলওএস) যুক্তরাজ্যের দাখিল করা একটি সাক্ষ্য বিবৃতিতে বিষয়টি উঠে এসেছে। জার্মানির হামবুর্গে চলতি সপ্তাহে অনুষ্ঠিত শুনানির আগে বিবৃতিটি জমা দেওয়া হয়। গোপনীয় ওই নথি দেখার অনুমতি পাওয়ার পর বিষয়টি প্রকাশ করেছে গার্ডিয়ান।
সি লায়ন প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার ও ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিতাস। প্রকল্পটি বন্ধের দাবিতে আইটিএলওএসে আবেদন করেছে আর্জেন্টিনা। দেশটির যুক্তি, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে একতরফাভাবে তেল উত্তোলনের অনুমতি দেওয়ার এখতিয়ার যুক্তরাজ্যের নেই।
মুডি ট্রাইব্যুনালে দেওয়া বিবৃতিতে বলেন, আর্জেন্টিনার পক্ষ থেকে বারবার ফৌজদারি মামলায় জড়ানো ও কারাদণ্ডের হুমকি পাওয়ায় শুনানিতে অংশ নেওয়ার ক্ষেত্রেও ব্যক্তিগত ঝুঁকি রয়েছে বলে তিনি মনে করছেন।
প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে আর্জেন্টিনা আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন মুডি। এর মধ্যে নাভিতাসকে আর্জেন্টিনায় ২০ বছরের জন্য ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করার বিষয়টিও রয়েছে। ফকল্যান্ডসের রাজধানী পোর্ট স্ট্যানলিতে শাখা থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককেও দ্বীপপুঞ্জে তেল-গ্যাস উন্নয়নে অংশ না নিতে চিঠি দিয়েছে বুয়েনস এইরেস।
প্রকল্পটির সঙ্গে যুক্ত ঠিকাদার ও অংশীদারদের পরিচয়ও গোপন রাখা হয়েছে। আর্জেন্টিনার কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে— এমন আশঙ্কার কথা জানিয়েছেন নাভিতাসের নির্বাহী কর্মকর্তা ইয়ান রামসে। এদিকে মার্কিন প্রতিষ্ঠান হ্যালিবার্টন সম্প্রতি জানিয়েছে, আর্জেন্টিনার সঙ্গে আলোচনার পর তারা সি লায়ন প্রকল্পে কোনো কাজ করবে না।
এর আগে ফকল্যান্ডসের অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আর্জেন্টিনা ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিতে পারে— এমন আশঙ্কায় যুক্তরাজ্য সরকার ইন্টারপোলের কাছে নিশ্চয়তা চেয়েছিল, সংস্থাটি যেন এ ধরনের অনুরোধে সাড়া না দেয়।
ট্রাইব্যুনালে যুক্তরাজ্য আর্জেন্টিনার আবেদন খারিজের দাবি জানিয়েছে। দেশটির বক্তব্য, এ বিরোধ নিষ্পত্তির এখতিয়ার আইটিএলওএসের নেই এবং ১৯৭৬ সালের জাতিসংঘের যে প্রস্তাবের ভিত্তিতে আর্জেন্টিনা তাদের দাবি তুলছে, সেটি আইনিভাবে বাধ্যতামূলক নয়।
যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল এলি রিভস বলেছেন, সি লায়ন প্রকল্প বন্ধ হয়ে গেলে তা আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এতে দ্বীপপুঞ্জের মানুষের অর্থনীতি ও সামাজিক জীবনে ভয়াবহ প্রভাব পড়বে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মোট দেশজ উৎপাদন (জিডিপি) দ্বিগুণ হতে পারে। তেলক্ষেত্রটির কার্যক্রম চলাকালে দ্বীপপুঞ্জের সরকারের আয় প্রায় ৮০০ কোটি পাউন্ড বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ফকল্যান্ডসের সার্বভৌমত্ব পুনরুদ্ধারকে জাতীয় লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। শান্তিপূর্ণ উপায়ে এ লক্ষ্য অর্জনে আর্জেন্টিনা নিজেরাই উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আক্রমণ চালিয়েছিল আর্জেন্টিনা। ৭৪ দিনের যুদ্ধে দেশটির বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সংঘাতের অবসান হয়। ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন, ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য এবং দ্বীপপুঞ্জের তিনজন বাসিন্দা নিহত হন।
সি লায়ন প্রকল্প স্থগিতের বিষয়ে আর্জেন্টিনার আবেদনের ওপর আগামী ২৮ নভেম্বর রায় দেওয়ার কথা রয়েছে আইটিএলওএসের।


















