সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সংঘটিত এই হামলায় পাইপলাইনের একটি অংশে সীমিত পরিসরে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পাইপলাইনের কার্যক্রমও বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এই হামলার নেপথ্যে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহণের জন্য এই ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সৌদি আরবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত থাকায় রিয়াদ প্রতিদিন এই পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল (বিশ্বের মোট সরবরাহের ৪ শতাংশ) লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। বিশ্ব যখন গভীর জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখন এই পাইপলাইনে নতুন করে হামলা বৈশ্বিক অর্থনীতিতে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরেও ড্রোন হামলার শিকার হয়ে পাইপলাইনটি কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল, যেগুলোর উৎস ইরাক বলে দাবি করেছিল রিয়াদ। এছাড়া ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরাও অতীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি তেল অবকাঠামোতে বারবার হামলা চালিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ঘনীভূত হওয়ার মাঝেই এই হামলার ঘটনা ঘটল।













-153a25.jpg)
