রাশিয়ার সরকারি নথির তথ্য— ইউক্রেন যুদ্ধে নিহত প্রায় ৫ লাখ সেনা

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত চার লাখ ৯০ হাজার ৩৩৪ জন সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থার (রসস্ট্যাট) ফাঁস হওয়া নথিতেই উঠে এসেছে এ সংখ্যা। রুশ সরকারের বিপুলসংখ্যক নথি বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে বিবিসি ও রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা।
বুধবার (২৫ নভেম্বর) বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সরকারি তথ্যভাণ্ডার থেকে পাওয়া এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে। এসব নথিতে ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর তথ্য রয়েছে। এর মধ্যে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের তথ্যও অন্তর্ভুক্ত।
গত ১ নভেম্বর ইউক্রেনপন্থি দুই হ্যাকার গোষ্ঠী বেলারুশিয়ান সাইবার পার্টিজানস ও ইউক্রেনের সাইলেন্ট ক্রো রাশিয়ার পরিসংখ্যান সংস্থার তথ্যব্যবস্থায় সাইবার হামলা চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ নথি সংগ্রহের পর সেগুলো বিশ্লেষণ করেন সাংবাদিক ও গবেষকেরা।
নথিগুলোতে মৃত্যুর স্থান, বয়স, মৃত্যুর কারণ, চাকরি ও আদালতের বিভিন্ন নথির তথ্য রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সামরিক বাহিনীতে নিহতের সংখ্যা নির্ণয় করা হয়েছে।
তবে এ সংখ্যা যুদ্ধের প্রকৃত প্রাণহানির পূর্ণাঙ্গ হিসাব নয়। কারণ, নিখোঁজ সেনা কিংবা যাদের মৃত্যুর তথ্য এখনো সরকারি নথিতে নিবন্ধিত হয়নি, তারা এ হিসাবে অন্তর্ভুক্ত নাও থাকতে পারেন। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, একই তথ্যভাণ্ডার নিয়ে অন্য একটি সংস্থার বিশ্লেষণে নিহতের সংখ্যা সাত লাখের কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে এ হিসাবের পদ্ধতি ও পরিধি আলাদা। তাই সাত লাখকে নিশ্চিত সংখ্যা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই পক্ষের মধ্যে কয়েক বছর ধরে তীব্র লড়াই চলছে। যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন— কোনো পক্ষই নিজেদের সামরিক হতাহতের পূর্ণাঙ্গ তথ্য নিয়মিত প্রকাশ করে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার যুদ্ধের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে সীমিত তথ্য প্রকাশ করায় স্বাধীনভাবে হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন। সে কারণে ফাঁস হওয়া সরকারি নথির এই বিশ্লেষণ যুদ্ধের মানবিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ নতুন তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।















-574c83-256x144.webp)
