মিসরে জ্বালানিবাহী গাড়ি উলটে আগুন, নিহত ৩১

মিসরের রাজধানী কায়রোর কাছে মহাসড়কে জ্বালানিবাহী একটি গাড়ি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। আগুনে অন্তত ২৭টি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে গেছে।
ইজিপ্ট টুডে ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানীর উপকণ্ঠে গিজা প্রদেশের আল-ওয়ারাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানিবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়ার পর আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। ব্যস্ত সড়কে আটকে পড়া গাড়িগুলো থেকে যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। এতে অনেকেই যানবাহনের ভেতরে আটকা পড়ে প্রাণ হারান।
দুর্ঘটনাস্থলটি কায়রোর রিং রোডের ওপর একটি সুড়ঙ্গের কাছে। এটি বৃহত্তর কায়রোর গুরুত্বপূর্ণ সড়কপথ, যা রাজধানী কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের বিভিন্ন মহাসড়ককে যুক্ত করেছে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উদ্ধারে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। তাদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্ঘটনাস্থলের আশপাশের সব হাসপাতাল ও ক্লিনিককে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আলী ইউসুফ বলেন, আগুনে গাড়িগুলো সম্পূর্ণ পুড়ে যায়। অনেক মানুষ গাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তাদের বের হওয়ার সময়টুকুও ছিল না।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি, তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত গতি, সড়কের দুরবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা ক্যাপমাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৮২৯ জন নিহত হন, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেশি।















-574c83-256x144.webp)