‘যেন হিটলারকে ভালো বন্ধু বলছে’— পুতিনকে ট্রাম্পের ‘বন্ধু’ সম্বোধন নিয়ে জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করায় বিস্ময় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, ট্রাম্পের এই মন্তব্যকে তুলনা করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার সঙ্গে। পুতিনকে একজন ‘আগ্রাসী’ ও ‘হত্যাকারী’ আখ্যা দিয়ে জেলেনস্কি বলেছেন, এমন একজন ব্যক্তি কারও বন্ধু হতে পারেন না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প কী বলবেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী লিখবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে পুতিনকে বন্ধু বলা তার কাছে অদ্ভুত মনে হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘তিনি একজন আগ্রাসী... একজন হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না।’ এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটা অনেকটা এমন— কেউ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে ভালো বন্ধু বলছে। না, তিনি বন্ধু নন।’
চীনে ট্রাম্প ও পুতিনের এক সম্মেলনে অংশ নেওয়ার এক সপ্তাহ পর জেলেনস্কির এই মন্তব্য সামনে এলো। ওই সম্মেলনে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন। কয়েক দিন পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দুই নেতার করমর্দনের একটি ছবিও প্রকাশ করেন তিনি। ছবিটির শিরোনাম দেন ‘মাই ফ্রেন্ড’ বা ‘আমার বন্ধু’।
রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকেই পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে কিয়েভের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছে। ট্রাম্প একদিকে পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন, অন্যদিকে ইউক্রেনের ওপর সমঝোতায় আসার চাপ তৈরির অভিযোগও উঠেছে।
ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কও দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের ওভাল অফিসে দুই নেতার বৈঠকে প্রকাশ্যে তীব্র বাক্যবিনিময় হয়। ওই ঘটনায় তাদের সম্পর্কের অবনতি আন্তর্জাতিক আলোচনায় আসে।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা নিয়েও দুই নেতার মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প এসব হামলাকে জ্বালানির উচ্চমূল্যের জন্য দায়ী করেছেন এবং ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। জেলেনস্কির বক্তব্য, ট্রাম্পের অবস্থান রাশিয়াকে ইউক্রেনে হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।
জেলেনস্কির এ মন্তব্য এমন সময়ে এলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কিয়েভের আশঙ্কা, মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে ওয়াশিংটন যদি ইউক্রেনের ওপর চাপ বাড়ায়, তাহলে তা যুদ্ধের সমাধানের বদলে রাশিয়ার অবস্থানকেই শক্তিশালী করতে পারে।
সূত্র: বিবিসি, রয়টার্স
















