রাশিয়ার নতুন বড় হামলার আশঙ্কা, সতর্ক করলেন জেলেনস্কি

ডেস্ক, রাজনীতি ডটকম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি: সংগৃহীত

ইউক্রেনে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া— এমন গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী কয়েক দিন ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেতের দিকে বিশেষ নজর রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহে এটি ছিল রাশিয়ার সম্ভাব্য বড় হামলা নিয়ে জেলেনস্কির দ্বিতীয় সতর্কবার্তা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি রাশিয়ার বড় ধরনের হামলার আশঙ্কার কথা তুলে ধরেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে তথ্য আছে, রুশরা নতুন একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।’ তিনি বলেন, হামলার আশঙ্কা থাকায় নাগরিকদের সতর্ক থাকতে হবে। রাশিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ইউক্রেনের ওপর চালানো প্রতিটি হামলার জবাব দেওয়া হবে এবং ধ্বংস হওয়া স্থাপনা পুনর্গঠন করা হবে।

জেলেনস্কির এই সতর্কবার্তার আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত সাতজন আহত হন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় একটি বিপণিবিতানসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মস্কোর দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল ড্রোন-সংশ্লিষ্ট স্থাপনা।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার ভেতরে কয়েকটি স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে। তাদের ভাষ্য, দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগার, বাশকোরতোস্তান অঞ্চলে রুশ তেল পরিবহন সংস্থা ট্রান্সনেফটের একটি স্থাপনার তেলের ট্যাংক এবং ভলগোগ্রাদ অঞ্চলের মারিনোভকা সামরিক বিমানঘাঁটি হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

গত সেপ্টেম্বর থেকে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার প্রায় অব্যাহত হামলা চলছে। দুপক্ষই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। নতুন হামলার আশঙ্কায় ইউক্রেন জুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad