ইউক্রেনের জন্য ৪৯ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে একমত হতে পারেনি ইইউ

ডেস্ক, রাজনীতি ডটকম
ইইউয়ের ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত বাজেট নিয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ছবি: ইইউ কাউন্সিলের এক্স হ্যান্ডেল থেকে
ইইউয়ের ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত বাজেট নিয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ছবি: ইইউ কাউন্সিলের এক্স হ্যান্ডেল থেকে

ইউক্রেনকে আগামী বছর ৪৯ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত সাত বছরের বাজেট নিয়েও বিভক্ত অবস্থানে রয়েছেন জোটের সদস্যদেশগুলোর নেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সম্মেলন।

ইউরোপীয় কমিশনের প্রস্তাবে ২০২৭ সালে ইউক্রেনের অর্থনৈতিক ও সামরিক চাহিদা মেটাতে ৪৫ বিলিয়ন ইউরো বা প্রায় ৪৯ বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার কথা রয়েছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের অর্থনীতি, জ্বালানি অবকাঠামো ও সরকারি ব্যয় ব্যাপক চাপে থাকায় এই অর্থকে গুরুত্বপূর্ণ মনে করছে কিয়েভ।

তবে ঋণের অর্থ কীভাবে জোগাড় হবে, এর সুদ ও পরিশোধের দায় কোন দেশ কীভাবে বহন করবে এবং সামরিক খাতে অর্থ ব্যবহার কীভাবে হবে— এসব বিষয়ে ইইউয়ের সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেকিয়া ও বুলগেরিয়া ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য ইইউয়ের অর্থ ব্যবহারের বিরোধিতা করছে। জার্মানিও জোটের সব সদস্যের সম্মিলিত অঙ্গীকার চেয়েছে।

ঋণ প্রস্তাবের বাইরে সাত বছরের বাজেট নিয়েও বিরোধ রয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও সুইডেনের মতো নিট অর্থদাতা দেশগুলো বাজেটের আকার কমিয়ে আধুনিকায়নের পক্ষে। অন্যদিকে ফ্রান্স ও ইতালির নেতৃত্বে একদল দেশ কৃষি ভর্তুকি ও অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চলের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ অক্ষুণ্ন রাখতে চায়। বর্তমানে ইইউয়ের বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ করে ব্যয় হয় কৃষি ও আঞ্চলিক সংহতি খাতে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, বছরের শেষ নাগাদ একটি ভালো সমঝোতায় পৌঁছাতে হবে। তবে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বরের সম্মেলনের আগে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা কম।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও ২০২৬ সালের শেষ নাগাদ ঐকমত্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ফলে ইউক্রেনের অর্থায়ন এবং ইইউর ভবিষ্যৎ বাজেট নিয়ে ডিসেম্বরের বৈঠক এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad