এএফপিতে সাইবার হামলা, বন্ধ সংবাদ সরবরাহ

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেসের (এএফপি) অনলাইন কনটেন্ট সরবরাহ প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্তে বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এএফপি কর্তৃপক্ষ।
প্যারিস সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) হামলাটি শুরু হয়। এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো অভ্যন্তরীণ ইমেইলের বরাতে আল-জাজিরা জানায়, হামলার লক্ষ্য ছিল ‘এএফপি ফোরাম’। সংবাদ সংস্থাটির গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট খুঁজে দেখেন এবং ডাউনলোড করেন।
এএফপি কর্তৃপক্ষ জানায়, অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই তাদের প্রযুক্তি দল হামলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সংবাদ ও অন্যান্য কনটেন্ট সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা দেওয়া হচ্ছে।
হামলার ধরন, এর মাধ্যমে কোনো তথ্য চুরি হয়েছে কি না কিংবা সংস্থাটির অন্য কোনো প্রযুক্তিগত ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে কি না— এসব বিষয়ে বিস্তারিত জানায়নি এএফপি। হামলার জন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রকে দায়ী করার মতো তথ্যও তাদের হাতে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনা এমন একসময়ে ঘটল, যখন ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান ভিনসেন্ট স্ত্রুবেল বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, দেশটি নজিরবিহীন মাত্রার সাইবার হুমকির মুখে রয়েছে। ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের হামলা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
এর আগে সুইজারল্যান্ডভিত্তিক ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফাও সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছিল। ওই ঘটনায় সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক কিছু তথ্য অননুমোদিতভাবে হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এএফপির হামলার সঙ্গে ফিফার ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।















