প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প-পুতিন-জিনপিং, শেনজেনে দৃষ্টি নিবদ্ধ গোটা বিশ্বের

ডেস্ক, রাজনীতি ডটকম
চীনের শেনজেনে এক ফ্রেমে তিন বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে), শি জিনপিং (মাঝে) ও ভ্লাদিমির পুতিন (ডানে)। ছবি: সংগৃহীত
চীনের শেনজেনে এক ফ্রেমে তিন বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে), শি জিনপিং (মাঝে) ও ভ্লাদিমির পুতিন (ডানে)। ছবি: সংগৃহীত

তিন বিশ্ব পরাশক্তির রাষ্ট্রপ্রধান তারা। নিজেদের মধ্যে বহুবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। কিন্তু একই মঞ্চে একসঙ্গে কখনোই দেখা যায়নি তিনজনকে। একদিকে ইরান যুদ্ধ আর অন্যদিকে ইউক্রেন যুদ্ধ চলমান অবস্থায় গোটা বিশ্ব যখন জ্বালানি ও অর্থনীতি নিয়ে নানা সংকটের মধ্যে, তেমন একটি সময়ে শেষ পর্যন্ত একই ফ্রেমে দেখা গেল তিন বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন আর শি জিনপিংকে।

বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের এক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের শুভেচ্ছা বিনিময় ও একসঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে তৈরি হয় এক ঐতিহাসিক মুহূর্ত।

এপেক সম্মেলনের ফাঁকেই বৃহস্পতিবার তিন নেতার প্রথম আনুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রত্যাশার পারদ খুব একটা উঁচুতে না উঠলেও ইউক্রেন ও ইরান যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার সম্ভাবনায় এখন গোটা বিশ্বের দৃষ্টি শেনজেনের দিকে।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শেনজেনে পৌঁছান। বিমানবন্দরে তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান জিনপিং।

চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি নেতাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন তিনি। এর মধ্য দিয়ে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে জিনপিংকে স্বাগত জানানো ট্রাম্পের সৌজন্যেরও প্রতিদান দিলেন চীনা নেতা।

ট্রাম্পের বিমান থেকে নামার পর দুই নেতা করমর্দন ও সংক্ষিপ্ত আলিঙ্গন করেন। বিমানবন্দরে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন, সামরিক বিমানের উড্ডয়ন ও লালগালিচায় দুই দেশের পতাকা হাতে অভ্যর্থনার আয়োজন ছিল। পরে শেনজেনে এপেকের স্বাগত নৈশভোজে ট্রাম্প ও পুতিনের করমর্দন হয়। পাশে ছিলেন জিনপিং। তিন নেতার এই সাক্ষাৎ ও একসঙ্গে ছবি তোলার ঘটনাই বৃহস্পতিবারের বৈঠক নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে।

যেসব আলোচনার সম্ভাবনা ত্রিপাক্ষিক বৈঠকে

তিন বিশ্বনেতার বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

গণমাধ্যমগুলোর খবর বলছে, ট্রাম্প ভবিষ্যতের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোয় চীনকেও যুক্ত করতে চান। তবে নিজেদের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের যুক্তি দেখিয়ে এমন আলোচনায় অংশ নিতে বেইজিংয়ের পক্ষ থেকে তেমন আগ্রহ দেখানো হয়নি।

ইউক্রেন যুদ্ধ নিয়েও মতপার্থক্য রয়েছে। পুতিন যুদ্ধের বিষয়ে মস্কোর অবস্থান তুলে ধরতে চান। অন্যদিকে ট্রাম্প যুদ্ধ বন্ধে কোনো সমঝোতার পথ খুঁজতে পারেন।

ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে বড় শক্তিগুলোর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে— এমন আশঙ্কাও তৈরি হয়েছে তিন নেতার সরাসরি বৈঠকে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আশা প্রকাশ করেছেন, ট্রাম্প ও জিনপিং রাশিয়ার ওপর যুদ্ধ বন্ধে চাপ দেবেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।

তবে তিন নেতার প্রত্যাশা এক নয়। ট্রাম্প চান আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো কূটনৈতিক সাফল্য অর্জন করতে। পুতিনের লক্ষ্য পশ্চিমা দেশগুলোর বিচ্ছিন্নতা কাটিয়ে রাশিয়াকে আবার বিশ্বশক্তির গুরুত্বপূর্ণ আলোচনায় প্রতিষ্ঠা করা। আর জিনপিংয়ের জন্য এই সম্মেলন চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব তুলে ধরার বড় সুযোগ।

বিশ্লেষকদের মতে, বৈঠক থেকে বড় কোনো চুক্তি বা তাৎক্ষণিক সমাধানের প্রত্যাশা কম। বরং তিন পরমাণু শক্তিধর দেশের শীর্ষ নেতাদের সরাসরি আলোচনায় বসাটাই গুরুত্বপূর্ণ। তবে ইউক্রেন, তাইওয়ানসহ বিভিন্ন অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে বড় শক্তিগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করলে ছোট ও মাঝারি দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স, এএফপি, এপি

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad