শেনজেনে ট্রাম্প-শি-পুতিন বৈঠকের প্রস্তুতি, আলোচনায় ইরান ও পারমাণবিক অস্ত্র

বিশ্বের তিন পরাশক্তির রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরান যুদ্ধের অবসান, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।
বার্তা সংস্থা এপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হতে যাওয়া তিন নেতার এই সম্মিলিত বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউজ, ক্রেমলিন ও চীনের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে তিন দেশের নেতারা বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠক করলেও একসঙ্গে আলোচনায় বসেননি।
বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচিতে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। ট্রাম্প জানিয়েছেন, তিনি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রভাণ্ডার কমানোর বিষয়ে আলোচনা করতে চান।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। নতুন কোনো চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে আগ্রহী ওয়াশিংটন। তবে পারমাণবিক অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম হওয়ায় এ ধরনের আলোচনায় এখনই যুক্ত হতে আগ্রহী নয় বেইজিং।
ইরান যুদ্ধের অবসানও ট্রাম্পের আলোচ্যসূচিতে রয়েছে। ৮ নভেম্বর তিনি বলেছিলেন, শি ও পুতিনের সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ বন্ধের বিষয়টি নিয়ে কথা বলতে চান। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহকে প্রভাবিত করছে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় তিন নেতার মধ্যে মতপার্থক্য রয়েছে। পুতিন এ বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা করতে আগ্রহী বলে রুশ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের পরিকল্পিত আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পাবে না। চীনও বিষয়টিকে ইউরোপীয় সংঘাত হিসেবে বিবেচনা করে এবং এ বিষয়ে ইউরোপের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছে।
বিশ্লেষকদের মতে, বৈঠকটি থেকে তাৎক্ষণিক কোনো বড় চুক্তি না এলেও তিন দেশের নেতাদের একসঙ্গে বসার প্রতীকী গুরুত্ব রয়েছে। শি জিনপিংয়ের জন্য এটি চীনের বৈশ্বিক প্রভাব তুলে ধরার সুযোগ। পুতিনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও চীনের সমপর্যায়ে উপস্থিতি জানান দেওয়ার ক্ষেত্র। আর ট্রাম্পের জন্য পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও ইরান সংকট নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ।
তবে তিন দেশের স্বার্থ ও অগ্রাধিকার এক নয়। ফলে বৈঠকের ফলাফল কী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
















