চীনে পৌঁছেছেন পুতিন, সামনে তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির স্থানীয় সময় গত রাতে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট। তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার পঞ্চম-পদস্থ সদস্য এবং শি জিনপিং-এর চিফ অফ স্টাফ কাই চি।
ভ্লাদিমির পুতিনের এবারের সফর ঘিরে গোটা বিশ্বেরই নজর এখন শেনজেনের দিকে। কারণ এটি নিছক একটি অ্যাপেক সফর নয়।
এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা নেতা শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক।
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা অ্যাপেক-এর পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে জানানো হয়েছিল। তিন প্রভাবশালী নেতার এটিই হবে সর্বপ্রথম বৈঠক।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনার জন্যই পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।
অন্যদিকে, ট্রাম্পও অক্টোবরে বলেছিলেন যে, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান।
এই মাসের শুরুতে তিনি সাংবাদিকদের কাছে ইঙ্গিত দিয়েছিলেন যে, নেতারা "অনেক বিষয় নিয়ে কথা বলবেন"। তিনি তখন বলেছিলেন, "আমরা ইরানের যুদ্ধ শেষ করার চেষ্টা করছি।"
বৈঠকটির আলোচ্যসূচি সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি চীন। কিন্তু এই নীরবতাই বৈঠকটিকে ঘিরে রহস্য আর জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রাম্পের এশিয়া সফর
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবতরণের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প তার বহু প্রতীক্ষিত এশিয়া সফরের প্রথম পর্ব শুরু করেছেন।
মঙ্গলবার ফিলিপাইনের রাজধানীতে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্টকে লাল গালিচা, সংগীত এবং একদল নৃত্যশিল্পীর উপস্থিতিতে জমকালো অভ্যর্থনা জানানো হয়।
এরপর কোয়াডভুক্ত (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে গঠিত) সদস্যদের একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে পুনরায় চালু হওয়ার পর থেকেই এই গোষ্ঠীর অলিখিত লক্ষ্য হলো ক্রমবর্ধমান আগ্রাসী চীনকে নিয়ন্ত্রণে রাখা।
বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে কোয়াড বলেছে যে, এই জোট "শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকারবদ্ধ একটি শক্তি এবং কাজের অংশীদার"।
বুধবার চীনে যাওয়ার আগে ট্রাম্পের এই ফিলিপাইন সফর একটি সংক্ষিপ্ত বিরতি হিসেবেই দেখা হচ্ছে।
যেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
ট্রাম্প থাইল্যান্ডের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কথাও ঘোষণা করেছেন। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি এবং থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে একটি 'কার্যক্রমের অগ্রগতি' হিসেবে বর্ণনা করেছে।
কোয়াড বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের কাছে দেওয়া মন্তব্যে চীনে পুতিনের সঙ্গে একান্তে বৈঠকের বিষয়েও কথা বলেন ট্রাম্প।
তিনি জানান, "সুযোগ পেলে আমি যাব।" তিনি আরও বলেন যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৈঠকে যোগ দেওয়ার আশা করছিলেন, কিন্তু "দেখা যাক কী হয়।"
অবশ্য, মার্কিন প্রেসিডেন্টের ফিলিপাইন সফর পুরোপুরি নির্বিঘ্ন ছিল না। তার এই সফরের প্রতিবাদে দেশটির রাজধানী ম্যানিলায় দিনভর ট্রাম্প-বিরোধী বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন।
মার্কিন নেতৃত্বাধীন এআই প্যাক্স সিলিকা উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় ফিলিপাইনে ২০০ জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করেছে দেশটির পুলিশ।
উল্লেখ্য, ফিলিপাইন ও সিঙ্গাপুর হলো আসিয়ানের সেই দুটি দেশ, যারা এখন পর্যন্ত মার্কিন প্রযুক্তি ও এআই ইকোসিস্টেমে যোগ দিয়েছে।
কেন এই বৈঠক এত গুরুত্বপূর্ণ?
পরমাণু শক্তিধর তিনটি দেশের নেতাদের এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগও কম নয়।
বিশেষ করে ইউরোপে এই বৈঠককে দেখা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনের মতো করে, যেখানে পরাশক্তিগুলো ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল।
যদিও বৈঠকের আলোচ্যসূচি নিয়ে তিন পক্ষের মধ্যে এখনো স্পষ্ট পার্থক্য রয়েছে। রাশিয়া চায় ইউক্রেন নিয়ে আলোচনা হোক, ট্রাম্প চান পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা হোক, আর চীন চায় না ইউক্রেন যুদ্ধে নিজেকে গভীরভাবে জড়িত দেখাতে।
বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য এই বৈঠক একটি বড় কূটনৈতিক জয়। কারণ এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান, মস্কোকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করা যায়নি। ট্রাম্পের জন্য এটি "প্রথম" হওয়ার গৌরব, তিনি বলতে পারবেন তিনিই তিন পরাশক্তিকে এক টেবিলে এনেছেন।
আর শি জিনপিংয়ের জন্য এই বৈঠক একই সঙ্গে সুযোগ ও ঝুঁকি। একদিকে এটি তাকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরবে, অন্যদিকে ইউরোপের অস্বস্তি চীনের বাণিজ্যিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।
ফলে শেনজেনে পুতিনের লাল গালিচা অভ্যর্থনা দিয়ে একটি ঐতিহাসিক সপ্তাহের শুরু হলো।
বৃহস্পতিবারের বৈঠকে আসলে কী আলোচনা হবে, কোনো চুক্তি হবে কিনা, নাকি পুরো বিষয়টি কেবল প্রতীকী ছবিতেই সীমাবদ্ধ থাকবে- তার ওপরই নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ।














