কোয়াডের এআই অ্যাক্সিলারেটর চালু, সামরিক মহড়ায় সামুদ্রিক নিয়ন্ত্রণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন ও সামরিক সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে। জোটটি এআই অ্যাক্সিলারেটর চালুর পাশাপাশি সামুদ্রিক নিয়ন্ত্রণবিষয়ক সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এআই খাতে ৮ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে প্রযুক্তি, প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তায় চার দেশের সহযোগিতা আরও জোরদার করাই এসব উদ্যোগের লক্ষ্য।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে কোয়াডের চার দেশের নেতাদের বৈঠকে এসব ঘোষণা দেন ট্রাম্প। দুই বছর পর প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতারা।
বৈঠকে ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারত্বগুলোর কয়েকটি এই চার দেশের মধ্যে রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক কূটনীতিতে দেশগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ সহযোগিতাকে আরও বিস্তৃত করার অংশ হিসেবে এআই অ্যাক্সিলারেটর চালু করা হবে।
ট্রাম্প জানান, এআই প্রযুক্তির উন্নয়নে ৮ কোটি ৫০ লাখ ডলার অর্থায়ন করা হবে। যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশগুলো যেন ভবিষ্যতের এই প্রযুক্তির বিকাশ ও ব্যবহারের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে, সেটি নিশ্চিত করতে চান তিনি। তবে অর্থায়নের বিস্তারিত কাঠামো, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা কিংবা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।
প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়েছে কোয়াড। ট্রাম্প জানান, জোটের সদস্য দেশগুলো সামুদ্রিক নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে একটি সামরিক মহড়া আয়োজন করবে। সম্প্রতি জাপানের কাছাকাছি অনুষ্ঠিত মালাবার নৌমহড়ায় চার দেশের নৌবাহিনীর সদস্যরা অংশ নিয়েছিলেন। সেখানে সাবমেরিনবিরোধী ও শত্রুপক্ষের নৌযান মোকাবিলার কৌশল অনুশীলন করা হয়।
ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে জাহাজবিরোধী যুদ্ধের প্রশিক্ষণ চললেও সাম্প্রতিক সময়ে সাবমেরিনবিরোধী সক্ষমতার গুরুত্ব অনেক বেড়েছে। সমুদ্রপথে সামরিক তৎপরতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
বৈঠকে বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থের সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত এসব খনিজের উৎপাদন বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সরবরাহ আগামী ১০ মাসের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি।
প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে চীনের প্রভাব মোকাবিলায় কোয়াডের সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং সমুদ্রপথের নিরাপত্তা— সব ক্ষেত্রেই চীনের ওপর নির্ভরতা কমাতে চায় ওয়াশিংটন ও তার অংশীদাররা।
২০০৭ সালে গঠিত কোয়াডের কার্যক্রম দীর্ঘ সময় সীমিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে এর ভূমিকা বেড়েছে। এবারের বৈঠকে প্রযুক্তি ও সামরিক মহড়ার নতুন ঘোষণা সেই সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।















