চীনে ত্রিপক্ষীয় বৈঠক চান ট্রাম্প-পুতিন, আয়োজনে দ্বিধায় শি জিনপিং

চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আলোচনা চলছে। ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বৈশ্বিক নানা সংকট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে তিন নেতা চীনের শেনজেনে যাবেন। সেখানেই তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকটি আয়োজনের বিষয়ে শি জিনপিংয়ের অনাগ্রহ রয়েছে। তিন নেতার মধ্যে বড় কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনাও কম।
বৈঠকের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প, শি ও পুতিনের মধ্যে বৈঠক আয়োজন নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে। তবে এখনো এর ধরন ও আলোচ্যসূচি চূড়ান্ত হয়নি।
তিন নেতার প্রত্যাশা অবশ্য ভিন্ন। পুতিন এই বৈঠককে ইউক্রেন যুদ্ধ নিজের শর্তে শেষ করার মতো সমঝোতায় পৌঁছানোর সুযোগ হিসেবে দেখছেন। অন্যদিকে, সাম্প্রতিক নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো অর্জনের সুযোগ খুঁজছেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে তিন দেশের মধ্যে সমঝোতার পথ তৈরি করাই তার অন্যতম লক্ষ্য।

তবে শি জিনপিংয়ের জন্য বৈঠকটি বেশ অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্পের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার সঙ্গে শির পূর্বপরিকল্পিত কূটনৈতিক পদ্ধতির মিল নেই। এ ছাড়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ট্রাম্পের আগ্রহের সঙ্গে চীনের অবস্থানের বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। এ কারণে নিজেদের পারমাণবিক শক্তির দিক থেকে পিছিয়ে থাকা দেশ মনে করে বেইজিং।
বাইডেন প্রশাসনের সময় হোয়াইট হাউজের পূর্ব এশিয়াবিষয়ক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) কর্মকর্তা এডগার কাগান বলেন, এ ধরনের আলোচনা চীন একেবারেই পছন্দ করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে চায় না বেইজিং। আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একসঙ্গে আলোচনায় বসলে চীনকে বড় পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে আসে। এতে দেশটি একই ধরনের বিধিনিষেধের আওতায় আসতে পারে।
এদিকে আলোচনার টেবিলে জায়গা না পাওয়া ইউক্রেন ও তাইওয়ানের মতো দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বড় শক্তিধর দেশগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারে, যেখানে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ছয় বছরের মেয়াদে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগগুলোর তালিকায় এই বৈঠক যুক্ত হতে পারে। এর আগে পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে সেসব বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসেনি।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছানোর প্রত্যাশা তাদের নেই। তবে চীনের এখন এ বিষয়ে আলোচনায় এগিয়ে আসার সময় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, তিন দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছে বেইজিং। তবে এ মুহূর্তে জানানোর মতো কিছু নেই। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি।
নতুন ‘ইয়াল্টা সম্মেলন’ নিয়ে উদ্বেগ
প্রস্তাবিত বৈঠক ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ সামনে এসেছে। বিশেষ করে রাশিয়ায় এ নিয়ে আলোচনা চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে বসেছিলেন। সেখানে প্রভাববলয় নির্ধারণের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল। বড় শক্তিগুলোর নিজেদের মধ্যে সমঝোতা করে ছোট দেশগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার উদাহরণ হিসেবেও ইয়াল্টা সম্মেলন পরিচিত।
-5b9026.jpg)
রাশিয়ার জাতীয়তাবাদীরা নতুন করে এমন একটি সম্মেলনের সম্ভাবনায় উচ্ছ্বসিত। তাদের আশা, এর মধ্য দিয়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে মস্কোর স্বার্থের অনুকূলে কোনো সমঝোতা হতে পারে। তাদের মতে, বৈঠকটি অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি রাশিয়াও পরাশক্তি হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে পারবে।
রাশিয়ার জাতীয়তাবাদী মতাদর্শিক নেতা আলেক্সান্ডার দুগিন এ সপ্তাহে রেডিও স্পুতনিককে বলেন, ‘এটি দেখায়, বিশ্বে কারা গুরুত্বপূর্ণ— আমরা, চীন ও পশ্চিমা বিশ্ব। বিষয়টি গভীরভাবে প্রতীকী। এটি বহুমেরুর বিশ্বব্যবস্থার স্বীকৃতি, যে বাস্তবতা পশ্চিমারা অস্বীকার করে।’
তবে বৈঠকের সম্ভাবনা কিয়েভ থেকে টোকিও পর্যন্ত উদ্বেগ তৈরি করেছে বলে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন।
গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা চাই না এটি নতুন কোনো ইয়াল্টা সম্মেলনে পরিণত হোক, যেখানে প্রভাববলয় নতুন করে ভাগাভাগি করা হবে।’
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। এখন বেইজিং ছোট দেশগুলোর স্বার্থের পক্ষে অবস্থান নেওয়ার দাবি করে। ফলে নতুন কোনো ইয়াল্টা সম্মেলনের সঙ্গে চীনের নাম জড়িয়ে পড়া দেশটির জন্য অস্বস্তিকর হতে পারে।
বৈঠকের আয়োজক হতে অনাগ্রহী শি
রয়টার্সের সঙ্গে কথা বলা চীনা শিক্ষাবিদদের মতে, পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার জন্য ট্রাম্পের প্রস্তাব বেইজিংয়ের কাছে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে, চীনের রয়েছে প্রায় ৫০০টি। তবে দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে দেশটি।
তারপরও আগামী সপ্তাহে সম্ভাব্য বৈঠকের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করতে হবে শি জিনপিংকে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের মধ্যে জ্বালানি তেল, গ্যাস ও সামরিক প্রযুক্তি বিনিময় হচ্ছে। তবে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে তাদের অবস্থানে পার্থক্য রয়েছে।

বৈঠকের বিষয়ে অবগত এক ব্যক্তি এবং ইউরোপের এক কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে চেয়েছে মস্কো। তবে আলোচ্যসূচিতে বিষয়টি রাখতে রাজি হয়নি বেইজিং। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য জানিয়েছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ট্রাম্পের ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলার সম্ভাবনা কম। তার মতে, তিন দেশের এই বৈঠক এ বিষয়ে আলোচনার উপযুক্ত জায়গা নয়।
সোমবার সাংবাদিকদের রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে বিভিন্ন প্রস্তাব বিনিময় হচ্ছে। তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতিতেই বৈঠকটি বেশ আগ্রহোদ্দীপক হবে। আর অবশ্যই সারা বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করবে।’
ট্রাম্পও এমন মনোযোগ চান। আগামী বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে কিছু সাফল্য অর্জনের চেষ্টা করতে পারেন তিনি। অস্ত্র নিয়ন্ত্রণে সমঝোতা কিংবা ইরান যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারলে তা তার রাজনৈতিক উত্তরাধিকারকে আরও শক্তিশালী করতে পারে।
পূর্ব এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা অংশীদার কার্ট টং বলেন, এই সফরকে কাজে লাগিয়ে ট্রাম্প আবারও নিজের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইবেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজের কূটনৈতিক দক্ষতা তুলে ধরার পাশাপাশি বিশ্বমঞ্চে নিজের অবস্থানও জোরালোভাবে প্রকাশ করতে চাইবেন তিনি।





















-fb9a62.jpg)