সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর কেউ বেঁচে নেই

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইঞ্জিনে আগুন ধরে নিয়ন্ত্রণ হারিয়ে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটিতে থাকা যাত্রী ও ক্রুসহ ১৯ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের।

কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানান, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনশূন্য ও বিরান এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি বিশেষ তদন্ত দল এবং ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ কাজ করছে।

প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এতে বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়লে সেটি মাটিতে আছড়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়াকেই এই দুর্ঘটনার সম্ভাব্য মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে আছড়ে পড়তে দেখা যায় এবং পরমুহূর্তেই বিকট বিস্ফোরণে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় ফুটেজে দৃশ্যটি পুরোপুরি স্পষ্ট ছিল না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স ভিডিওটির সময় ও তারিখ যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। এছাড়া রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে এর মিল খুঁজে পেয়েছে।

দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উল্লেখ্য, রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের কাজেও এই মডেলের উড়োজাহাজ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad