চীনে পৌঁছেছেন ট্রাম্প, পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

পশ্চিমা দেশগুলোর বাণিজ্য সংরক্ষণবাদী নীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে তারা এসব সমালোচনা করেন। এর কয়েক ঘণ্টা পর চীনে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরকে ঘিরে তিন নেতার সম্ভাব্য বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চলতি সপ্তাহে ম্যানিলায় এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে বৈঠক শেষে বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শি জিনপিং। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দুই নেতার সর্বশেষ সাক্ষাতের সময় ট্রাম্প যেভাবে শিকে অভ্যর্থনা জানিয়েছিলেন, এবার একইভাবে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট। এ সময় তারা সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন এবং একসঙ্গে লালগালিচা ধরে হেঁটে গাড়ির কাছে যান।
এপেক সম্মেলনে অন্য নেতাদের সঙ্গে যৌথ ছবি তোলা ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্প ও শির। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে তাদের বৈঠক হতে পারে। এতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তিন নেতার সম্ভাব্য এই বৈঠকের সঙ্গে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে বিভিন্ন অঞ্চলে প্রভাবের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছিল। যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা গঠনের পথও তৈরি হয়েছিল সেখানে। পরবর্তী সময়ে ছোট দেশগুলোর ওপর বড় শক্তিগুলোর চাপিয়ে দেওয়া সমঝোতা বোঝাতেও ইয়াল্টা সম্মেলনের নাম ব্যবহার করা হয়েছে।
এ কারণে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের রাজধানীতে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতাধর দেশগুলো নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে গিয়ে অন্য দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে।
বাণিজ্য নিয়ে শির বার্তা
এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চীনকে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি। অন্যদিকে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে এবং পররাষ্ট্রনীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত এআই চিপে চীনের প্রবেশাধিকার আরও সীমিত করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এতে বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভঙ্গুর বাণিজ্য সমঝোতা আরও জটিল হতে পারে। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনও।
ব্যবসায়ী নেতাদের উদ্দেশে শি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা সমুন্নত রাখতে হবে। অবাধ ও উন্মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
পশ্চিমা বাণিজ্য অংশীদাররা দীর্ঘদিন ধরে চীনের বাণিজ্য উদ্বৃত্ত নিয়ে সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, চীনের নীতিগুলো দেশটির উৎপাদন খাতকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে, যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চীনের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন ডলারের বেশি।
বেইজিংয়ের বক্তব্য, বিশ্বের ধনী অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে থাকা একটি দেশের জন্য তাদের বর্তমান প্রবৃদ্ধির মডেল উপযুক্ত। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যদের উদ্বেগ, সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য দেশটিকে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে চীনের নীতি তাদের শিল্প ও কর্মসংস্থানের জন্য হুমকি তৈরি করছে।
শি বলেন, চীন তার শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং নতুন প্রযুক্তির উন্নয়ন ঘটাবে, যা অন্য দেশগুলোরও উপকারে আসবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি শুল্ক কমানোর পাশাপাশি নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে। একই সঙ্গে বাণিজ্য সংরক্ষণবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নেবে।
দ্য এশিয়া গ্রুপের ডিজিটাল বিভাগের প্রধান ও অংশীদার জর্জ চেন বলেন, শির এই বক্তব্য বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর কাছে গ্রহণযোগ্য হতে পারে। একই সঙ্গে প্রযুক্তি খাতে চীনের কৌশলকে যুক্তরাষ্ট্রের নীতির বিপরীতে তুলে ধরার বেইজিংয়ের প্রচেষ্টাকেও এটি জোরালো করবে।
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটিই তার প্রথম এশিয়া সফর। এদিকে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরে অভিযোগ এবং সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের বিষয়টি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
তবে অধিকাংশ বিশ্লেষকের ধারণা, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকবে। শেনজেনে বৈঠকের পর ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে ট্রাম্প ও শির আবার বৈঠকে বসার কথা রয়েছে। চলতি বছর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।
পুতিনের নিশানায় পশ্চিমা নিষেধাজ্ঞা
ইউক্রেনের হামলায় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর এপেক সম্মেলনে বক্তব্য দেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ঘটনাটিকে মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
শির পর বক্তব্য দিতে এসে পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ হিসেবে উল্লেখ করেন পুতিন। ইউরোপ ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য ও কার্যত জবরদস্তি করার প্রচলিত কৌশলগুলোর কার্যকারিতা অনেকটাই কমে গেছে। এসব কৌশল আগের মতো ভয় দেখানোর ক্ষমতা রাখে না। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিষেধাজ্ঞা কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে এগুলো প্রবৃদ্ধি থামাতে পারে না, প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করা তো আরও দূরের কথা।
পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি ও পুতিন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন। পাশাপাশি ‘বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা’ এগিয়ে নিতে আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তারা।
এর আগে ম্যানিলায় ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ ও জলসীমা নিয়ে বেইজিংয়ের সঙ্গে ম্যানিলার বিরোধের মধ্যেই তিনি এ ঘোষণা দেন। এ ছাড়া চীন সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
ইয়াল্টা সম্মেলনের সঙ্গে বর্তমান বৈঠকের তুলনাকে চলতি সপ্তাহে ‘রাজনৈতিক বিশ্লেষকদের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। তবে তাদের বক্তব্য, প্রস্তাবিত বৈঠক বিশ্ব পরিস্থিতিতে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে বেইজিংয়ের দাবি, তিন নেতার বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
পুতিন বিশ্ব পরিস্থিতিকে ‘অস্থির’ বলে বর্ণনা করেন। তবে তার মতে, আলোচনার টেবিলে বসে মতপার্থক্য দূর করা সম্ভব। তিনি বলেন, ‘তাই আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার সম্ভাবনা দেখছি।’



















