মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, অর্জনের জন্য ‘শ্রদ্ধা’

ক্রীড়া ডেস্ক
ইনস্টাগ্রামে মেসির পোস্টে কমেন্ট করেছেন রোনালদো। ছবি: কোলাজ
ইনস্টাগ্রামে মেসির পোস্টে কমেন্ট করেছেন রোনালদো। ছবি: কোলাজ

ক্যারিয়ার জুড়েই তাদের একজনের নাম উঠলেই এসেছে আরেকজনের নাম। দুই দশক জুড়েই ফুটবলে মিডিয়ায় সবচেয়ে বড় লড়াইয়ের নাম মেসি বনাম রোনালদো। ভক্ত-সমর্থকদের মধ্যে বৈরিতা যেন আরও এক ধাপ বেশি। একজনের অর্জনের প্রসঙ্গ উঠতেই হাজির হয়ে যান আরেকজন।

মিডিয়া বা সমর্থকদের সম্পর্ক যাই হোক না কেন, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ বিদায়ের পর ঠিকই শুভকামনা জানিয়েছেন তার ‘তুমুল প্রতিপক্ষ’ ক্রিশ্চিয়ানো রোনালদো। জানিয়েছেন শ্রদ্ধা।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল মেসির বিদায়ী ম্যাচ। সে ম্যাচও মেসি রাঙিয়েছেন নিজের রঙে। বেনিনকে ৩-০ ব্যবধানে হারানোর ম্যাচে তিন গোলেই তার অবদান। দুটিতে অ্যাসিস্ট, শেষ গোলটি করেছেন নিজে।

ম্যাচ শেষে স্টেডিয়ামেই মেসি বলেছেন, ফুটবলের মাঠ ছেড়ে যাওয়া, আকাশি-নীলের জার্সি ছেড়ে যাওয়াই তার জন্য সবচেয়ে কষ্টের। স্টেডিয়ামে হাজারও দর্শকদের হর্ষধ্বনি, উল্লাস— সবই তিনি মিস করবেন।

ইনস্টাগ্রামে বিদায়ী ম্যাচের ছবি পোস্ট করেও একই বার্তা দিয়েছেন মেসি। কয়েক ঘণ্টা পরে সেই পোস্টেই লেখা হয়েছে একটি কমেন্ট, যেটি চমক হয়েই এসেছে ফুটবলপ্রেমীদের কাছে। সেই কমেন্ট যে আর কারও নয়, রোনালদোর!

সিআরসেভেন হিসেবে পরিচিত রোনালদো কমেন্টে লিখেছেন, ‘লিও, বহু বছর ধরে তুমি তোমার দেশের জন্য লড়ে যাচ্ছ এবং এমন একটি গল্প তৈরি করেছ যা বেঁচে থাকবে আজীবন। আর্জেন্টিনার জন্য তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য তোমার প্রতি রইল শ্রদ্ধা। আলিঙ্গন।’

মাত্র দুটি বাক্য, অল্প কিছু কথা। কিন্তু রোনালদোর সেই সামান্য কথার মধ্যেই ফুটে উঠেছে আজীবন যার সঙ্গে পদে পদে তুলনা শুনতে হয়েছে সেই মেসির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা।

দুজনের কট্টরপন্থি ভক্ত-সমর্থকদের কাছে এই কমেন্টের অর্থ যাই হোক না কেন, মেসির পোস্টে রোনালদোর কমেন্টে জয়ী হলো ফুটবলই। দুই জীবন্ত কিংবদন্তির পারস্পরিক সম্পর্ক নিয়ে যত কানাঘুষাই থাকুক, এই কমেন্ট প্রমাণ করল— ফুটবল কখনো কখনো ‘রাইভ্যালরি’রও ঊর্ধ্বে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement