বাংলাদেশ ম্যাচে ফেরার পর বৃষ্টিতে ভেসে গেল ২ সেশন

দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই তৃতীয় দিন শুরু করলেন প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমা আর উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন। ৭৯ রানের জুটি গড়ে দলকে নিয়ে গেলেন ৩৫৮ পর্যন্ত। তারপরই ছন্দপতন। টেম্বা বাভুমা রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন ড্রেসিং রুমে। নতুন বল হাতে নিলেন বাংলাদেশি বোলাররা। তাতেই পালটে গেল ম্যাচের চিত্র। লাঞ্চের আগে আগে ২০ বল আর ১৫ রানের মধ্যে ৩ উইকেট পতন দক্ষিণ আফ্রিকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির পরের অংশটুকু ক্রিকেটপ্রেমীদের জন্য সুখকর কিছু নয়। প্রথমে বৃষ্টি আর পরে বজ্রসহ বৃষ্টি ও ঘন কালো মেঘের কারণে আর একটি বলও মাঠে গড়ায়নি দুই সেশন মিলে।
দুই সেশন ভেস্তে যাওয়ায় জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬। প্রথম ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে তারা। হাতে রয়েছে ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ থাকলে শেষ ৩ উইকেটে এই ১৪ রান পূরণ করে লিড নেওয়ার। বাংলাদেশেরও টার্গেট থাকবে দিনের শুরুর ঘণ্টায় এখনো নতুন থাকা বলের ধার কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকাকে কত দ্রুত অলআউট করা যায়।
আগের দিনের শেষটা বাংলাদেশ করেছিল দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে। তৃতীয় দিনের শুরুর ঘণ্টা পুরোটাই নিজেদের করে নিলেন বাভুমা-রিকেলটন। বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই দিলেন না। শেষ পর্যন্ত সুযোগটা এলো বাভুমার কাফ ইনজুরিতে। কয়েকবার মাঠে শুশ্রূষা নিয়েও কাজ হয়নি, শেষ পর্যন্ত মাঠ ছাড়েন তিনি।
তখনো সুযোগ থাকলেও নতুন বল নেয়নি বাংলাদেশ। স্পিনার মেহেদি হাসান মিরাজ আর পার্টটাইমার মুমিনুল হক বল করে যাচ্ছিলেন। বাভুমা ড্রেসিং রুমে ফিরতেই নতুন বল নেয় বাংলাদেশ, তাতেই তাসকিনের জোড়া আঘাত। উইয়ান মুল্ডার ২ বলের বেশি টিকতে পারেননি। তাসকিনের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। দুই ওভার পরে ফের তাসকিনের আঘাত। এবার মার্কো ইয়ানসেনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি।
থেমে থাকেননি আগের দিনের সেরা বোলার হাসান মাহমুদও। পরের ওভারেই সাইমন হার্মারকে ফেরান তিনি। এবারের উইকেটও এসেছে কট বিহাইন্ড থেকে। পরের ওভারটা রিকেলটন আর রাবাদা নির্বিঘ্নে কাটালে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতে যায় দক্ষিণ আফ্রিকা।
২০ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন পথ খুঁজছে। বাভুমাকে পুরোপুরি ফিট না হয়েই নামতে হবে কি না, সে প্রশ্নও তখন ঘিরে ধরেছে। তখনই বৃষ্টির বাগড়া। দ্বিতীয় সেশন তো বটেই, তৃতীয় সেশনেও একটি বলও মাঠে গড়ায়নি। তাতে দুইবার জীবন পাওয়া রিকেলটন ৫৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। কাগিসো রাবাদা অপরাজিত ৫ রানে। ৪৯ রানে মাঠ ছাড়া অধিনায়ক বাভুমা ফের ব্যাটিংয়ে নামতে পারবেন দলের প্রয়োজনে।
আজকের হার্মারের উইকেটসহ বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ২ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আরেক উইকেট তুলে নিয়েছেন মুমিনুল হক।
ব্যাটার-বোলারদের এই লড়াইয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাস আবার আলোচনায়। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার যে সাত বোলার আউট হয়েছেন, সবাই ক্যাচ তুলেই মাঠ ছেড়েছেন। এর মধ্যে ছয়জন ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। অর্থাৎ এ ইনিংসে লিটন দাসের ডিসমিসালের খাতায় ৬ ক্যাচ।
বাংলাদেশের পক্ষে এক ইনিংসে এর আগে সর্বোচ্চ ৪ ক্যাচ আর ৫ ডিসমিসালের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। আর এক ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডই ৭ ক্যাচের। প্রোটিয়াদের ইনিংসের শেষ ৩ উইকেটের আর একটিতেও যদি ক্যাচ বা স্টাম্পিংয়ের মাধ্যমে অবদান রাখতে পারেন তাহলে ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস আর জশুয়া দ্য সিলভার সঙ্গে বিশ্বরেকর্ডে নাম লেখাবেন লিটনও।














