সাফে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খেলা শেষে অভাবনীয় দৃশ্য

পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণ খেলে জয় তুলে নিয়েছে তারা। ১০ জনে পরিণত হয়ে পাকিস্তানও অবশ্য তাতে ভূমিকা রেখেছে।
তবে মাঠের খেলার চেয়েও ম্যাচ পরবর্তী দৃশ্য জন্ম দিলো বেশ বিস্ময়ের। গত কয়েক বছর ধরেই ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে যেখানে টসে পর্যন্ত দুই দলের অধিনায়ককে হাত মেলাতে দেখা যায়নি, খেলা শেষে ক্রিকেটারদের যেতে দেখা গেছে ভিন্ন দুই দিকে, সেখানে ফুটবলে দুই দলই একে অন্যকে দিয়েছে গার্ড অব অনার!
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় জাতীয় ফুটবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষে রানার্স-আপ ট্রফি নিতে যাওয়ার সময় পাকিস্তান দলকে গার্ড অব অনার দেয় ভারত। কিছুক্ষণ পর ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন ট্রফি সংগ্রহ করতে যায়, তখন তাদের ফিরতি গার্ড অব অনার দিয়ে সম্মানিত করেছে পাকিস্তান। ক্রিকেট মাঠে যেখানে ম্যাচের পর ম্যাচ বৈরিতার চিত্র দেখে সবাই অভ্যস্ত, ফুটবলের মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সেখানে জন্ম দিলো ভিন্ন এক গল্পের।
ম্যাচে লিড পায় অবশ্য পাকিস্তানই। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন পাকিস্তানি ফুটবলাররা। তবে স্পষ্ট গোলের সুযোগ প্রথম পায় ভারত। ম্যাচের ৩৪ মিনিটে রিকি শাবং দারুণ শট নিয়েছিলেন। ডেনমার্কপ্রবাসী পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ বাট কোনোমতে তা ঠেকিয়ে দিলে রক্ষা পায় পাকিস্তান।
প্রথমার্ধের যোগ করা সময়ে বাঁ দিক থেকে ছুটে যাওয়া জুনায়েদ শাহ বক্সের ভেতর নিখুঁত পাস বাড়ান। আলমগীর আলী খান গাজী ডান পায়ের বাঁকানো শটে ভারতের গোলকিপার আর্শ আনোয়ার শেখকে পরাস্ত করেন। পাকিস্তান ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ভারতের স্ট্রাইকার ভালাপ্পিলে দারুণ শট নিয়েছিলেন। এবারে গোলপোস্টে লাগলে ভারতের সমতায় ফেরা হয়নি। ৫৯ মিনিটে ভারতের ফরোয়ার্ড বিষণ দুবেনকে ফাউল করলে ভিএআর টেক করে রেফারি লাল কার্ড দেখান পাকিস্তানের জুনায়েদ শাহকে। ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান।
এরপর আর ভারত ছাড় দেয়নি। জুনায়েদ লাল কার্ড দেখার পরের মিনিটেই খাইমিংথাংয়ের পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে সুহাইল আহমাদ ভাট নিখুঁত শটে বল জালে জড়ান। সমতায় ফেরে ভারত। এরপর ভারত আরও চেপে ধরে। পাকিস্তান কোনোমতে ম্যাচে টিকে থাকার চেষ্টা করে। তবে ৮৮ মিনিটে কর্নার থেকে ডিফেন্ডার সন্দীপ মান্ডির নিখুঁত হেড ভারতকে এগিয়ে দেয় ২-১ গোলে। পরে আর কোনো গোল না হলে সেটিই ভারতের দশম সাফ ট্রফির জয়সূচক গোলে পরিণত হয়।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ভারতের আর্শ শেখ। টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ গোল করে সেরা গোলদাতার পুরস্কার, আর পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের ট্রফি দুটিই পেয়েছেন ভারতের ফরোয়ার্ড সুহেইল ভাট।
টুর্নামেন্টে রানার্সআপ হয়ে পাকিস্তান প্রাইজমানি পেয়েছে ১৫ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা)। আর ভারতের প্রাপ্তি ৪০ হাজার ডলার (প্রায় ৫০ লাখ টাকা)।













